গাজীপুরে যাত্রীবাহী একটি বাস ও মোটরসাইকেলের সংঘর্ষের পর বাসটিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টার পর ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বোর্ডবাজার এলাকায় বিআরটি লেনে এ দুর্ঘটনা ঘটে। এতে মহাসড়কে সাময়িক যান চলাচল বিঘ্নিত হয় এবং মোটরসাইকেলচালক আহত হন।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, ‘আলোকিত মধুপুর’ নামের একটি যাত্রীবাহী বাস ঢাকা অভিমুখে যাচ্ছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা গাজীপুরমুখী একটি অজ্ঞাতনামা মোটরসাইকেল দ্রুতগতিতে বাসের সামনে চলে আসে এবং একপর্যায়ে বাসের নিচে ঢুকে পড়ে। সংঘর্ষের পরপরই বাসটিতে আগুন ধরে যায়।
অগ্নিকাণ্ডের ঘটনায় মহাসড়কের মাঝের লেনে যান চলাচল সাময়িকভাবে বন্ধ হয়ে পড়ে। খবর পেয়ে ভোগড়া ফায়ার স্টেশনের দমকল কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। আগুন নেভানোর পর পরিস্থিতি স্বাভাবিক করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাজ শুরু করে।
এ ঘটনায় মোটরসাইকেলচালক আহত হয়েছেন বলে জানা গেছে। তবে তাকে কোথায় নেওয়া হয়েছে বা তিনি কোথায় চিকিৎসাধীন রয়েছেন, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত করা যায়নি।
দুর্ঘটনার পর বাসের চালক ও হেলপার ঘটনাস্থল ত্যাগ করেছেন বলে জানিয়েছে সংশ্লিষ্টরা। নগরীর গাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে সংঘর্ষকালে মোটরসাইকেলের ফুয়েল লিকেজ হয়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটছে। এ বিষয়ে পরবর্তী আইনগত পদক্ষেপ নেয়া হচ্ছে।
সিএ/এএ


