দীর্ঘ ২৮ বছর পর বিশ্বকাপের মূল পর্বে ফিরে জয় দিয়ে অভিযান শুরু করেছে স্কটল্যান্ড। গ্রুপ ‘সি’-এর ম্যাচে হাইতিকে ১–০ গোলে হারিয়ে এবারের আসরে নিজেদের প্রথম ম্যাচেই পূর্ণ তিন পয়েন্ট তুলে নিয়েছে ইউরোপের দলটি।
ফক্সবরোর বস্টন স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচের একমাত্র গোলটি করেন অভিজ্ঞ মিডফিল্ডার জন ম্যাকগিন। গোলের পর তার উদযাপনও আলাদা করে নজর কাড়ে। বুড়ো আঙুল ও তর্জনী দিয়ে চোখের সামনে চশমার আকৃতি তৈরি করে করা ‘গগলস’ উদযাপনের পেছনে রয়েছে ব্যক্তিগত আবেগের গল্প।
ম্যাকগিনের ভাগ্নে জ্যাক দৃষ্টিশক্তিজনিত কারণে খেলাধুলার সময় বিশেষ সুরক্ষামূলক স্পোর্টস গগলস ব্যবহার করে। তাকে উৎসাহ ও ভালোবাসার প্রতীক হিসেবেই দীর্ঘদিন ধরে এই উদযাপন করে আসছেন স্কটিশ ফুটবলার। বিশ্বকাপের মতো বড় মঞ্চেও সেই ধারাবাহিকতা বজায় রাখলেন তিনি।
ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে স্কটল্যান্ড। সপ্তম মিনিটে জন ম্যাকগিনের ব্যাকহিল থেকে তৈরি আক্রমণে অ্যান্ডি রবার্টসনের ক্রস পেয়ে স্কট ম্যাকটমিনে হেড নিলেও বল লক্ষ্যে রাখতে পারেননি।
১৭ মিনিটে আবারও সুযোগ তৈরি করে স্কটল্যান্ড। বেন গ্যানন-ডোকের তৈরি করা আক্রমণ থেকে ম্যাকটমিনের নেওয়া শট অল্পের জন্য বাইরে চলে যায়।
তবে অপেক্ষা খুব বেশি দীর্ঘ হয়নি। ম্যাচের ২৮তম মিনিটে চে অ্যাডামসের পাস থেকে বল পান গ্যানন-ডোক। সেখান থেকে তার বাড়ানো বল ধরে শট নেন জন ম্যাকগিন। বল ডিফেন্ডারের পায়ে লেগে দিক বদলে জালে জড়িয়ে গেলে এগিয়ে যায় স্কটল্যান্ড।
অন্যদিকে, হাইতির জন্যও এটি ছিল বিশেষ উপলক্ষ। ৫২ বছর পর বিশ্বকাপের মূল পর্বে ফিরেছিল ক্যারিবীয় দেশটি। যদিও প্রত্যাবর্তনের ম্যাচটি জয় দিয়ে রাঙাতে পারেনি তারা।
ম্যাচজুড়ে বল দখলের লড়াই ছিল প্রায় সমান। স্কটল্যান্ড তুলনামূলক বেশি সংগঠিত ফুটবল খেললেও শেষভাগে চাপ তৈরি করে হাইতি। পুরো ম্যাচে তারা বেশি শট নিলেও গোলের দেখা পায়নি।
শেষ পর্যন্ত এক গোলের ব্যবধান ধরে রেখে জয় নিশ্চিত করে স্কটল্যান্ড। গ্রুপের অন্য ম্যাচে ব্রাজিল ও মরক্কো ১–১ গোলে ড্র করায় প্রথম ম্যাচ শেষে গ্রুপের শীর্ষ অবস্থানেও উঠে গেছে স্কটিশরা।
সিএ/এমই


