উন্নয়ন প্রকল্পের ধীরগতি এবং দফায় দফায় ব্যয় বৃদ্ধি নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি। তিনি বলেন, অতীতে যেভাবে ঢিলেঢালাভাবে প্রকল্প বাস্তবায়ন হয়েছে, এখন আর সেই সুযোগ নেই। নির্ধারিত সময়ের মধ্যেই সব প্রকল্প শেষ করতে হবে।
সোমবার (৪ মে) দুপুরে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ডিসি সম্মেলনের অংশ হিসেবে অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ের কার্য-অধিবেশন শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, ভবিষ্যতে নতুন প্রকল্প গ্রহণের সময় কর্মসংস্থান সৃষ্টির বিষয়টি বিশেষভাবে গুরুত্ব দিতে হবে। জনস্বার্থ রক্ষা ও কর্মসংস্থান বৃদ্ধি সরকারের মূল লক্ষ্য হওয়া উচিত, যাতে সাধারণ মানুষ উন্নয়নের সুফল সরাসরি পেতে পারে।
তিনি আরও বলেন, উন্নয়ন প্রকল্পে দীর্ঘসূত্রিতার কারণে ব্যয় বৃদ্ধি একটি বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। উদাহরণ হিসেবে তিনি উল্লেখ করেন, ২০১৭ সালে নেওয়া অনেক প্রকল্প এখনো চলমান এবং বারবার সংশোধনের কারণে ব্যয়ও বেড়েছে।
জোনায়েদ সাকি বলেন, প্রকল্প বাস্তবায়নে কোথায় বাধা তৈরি হচ্ছে তা চিহ্নিত করে সমাধানের চেষ্টা চলছে। এ বিষয়ে জেলা প্রশাসকদের সঙ্গে বিস্তারিত আলোচনা হয়েছে। বিশেষ করে ভূমি অধিগ্রহণসহ মাঠ পর্যায়ের নানা সমস্যার কথা ডিসিরা লিখিতভাবে জানিয়েছেন।
তিনি জানান, সরকার এসব সমস্যা দ্রুত সমাধানে কাজ করছে এবং নতুন প্রকল্প গ্রহণের ক্ষেত্রে নির্বাচনী ইশতেহার ও সরকারের প্রতিশ্রুতির সঙ্গে সামঞ্জস্য রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
এছাড়া সরকারি প্রকল্প বাস্তবায়নে স্বচ্ছতা নিশ্চিত করা, অপচয় রোধ এবং দুর্নীতি প্রতিরোধে জেলা প্রশাসকদের কঠোর ভূমিকা পালনের নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানান তিনি।
সিএ/এমই


