এ বছরের জনপ্রতি ফিতরার হার নির্ধারণ করেছে জাতীয় সাদাকাতুল ফিতর নির্ধারণ কমিটি। কমিটির সিদ্ধান্ত অনুযায়ী, ২০২৬ সালে জনপ্রতি সর্বনিম্ন ১১০ টাকা এবং সর্বোচ্চ ২ হাজার ৮০৫ টাকা ফিতরা আদায় করা যাবে।
ইসলামী শরিয়ত অনুযায়ী, সদকাতুল ফিতর প্রত্যেক সেই মুসলমানের ওপর ওয়াজিব, যিনি ঈদুল ফিতরের দিন অর্থাৎ ১ শাওয়াল ভোরে নিজের মৌলিক প্রয়োজন ও ব্যবহার্য জিনিসপত্রের বাইরে এমন পরিমাণ সম্পদের মালিক হন, যার মূল্য সাড়ে বায়ান্ন তোলা রুপার দামের সমান বা তার বেশি। এই সম্পদ নগদ অর্থ, সোনা, রুপা কিংবা অন্য যেকোনো সম্পদের আকারে হতে পারে।
চলতি বছর ১৪৪৭ হিজরি বা ২০২৬ সালে জাকাত ও ফিতরার নেসাব কত টাকা, সে বিষয়ে তথ্য দিয়েছে রাজধানী ঢাকার জামিয়া রাহমানিয়া আরাবিয়ার ফতোয়া বিভাগ। দারুল ইফতার তথ্যমতে, ৫২.৫ ভরি রুপার মূল্য অনুযায়ী এ বছর জাকাত ও ফিতরার নেসাব নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৩০ হাজার টাকা।
এ হিসাবে কোনো মুসলিম ব্যক্তির কাছে পূর্ণ এক বছর ২ লাখ ৩০ হাজার টাকা থাকলে তাকে জাকাত আদায় করতে হবে এবং ঈদুল ফিতরের দিন সকালে এই পরিমাণ সম্পদ বা নগদ অর্থ থাকলে ফিতরা দেওয়া ওয়াজিব হবে। খাদ্যদ্রব্যের ক্ষেত্রেও চাল, গম, যব, খেজুর, কিশমিশ বা পনিরের মাধ্যমে ফিতরা আদায় করা যাবে।
সিএ/এমআর


