চট্টগ্রাম–৩ (সন্দ্বীপ) আসনের আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য মাহফুজুর রহমানের বিরুদ্ধে সরকারি প্রকল্পের অর্থ অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে আত্মসাতের অভিযোগে মামলা হয়েছে। গতকাল বুধবার দুদক চট্টগ্রামের সহকারী পরিচালক মুসাব্বির আহমেদ বাদী হয়ে নিজ কার্যালয়ে মামলাটি দায়ের করেন।
দুদক চট্টগ্রামের উপপরিচালক রিয়াজ উদ্দিন প্রথম আলোকে জানান, সংসদ সদস্য থাকাকালে মাহফুজুর রহমান ৯ কোটি ২৮ লাখ টাকার সরকারি অর্থ আত্মসাত করেছেন বলে অভিযোগ উঠেছে। মামলার তদন্তে দেখা হবে, তার বিরুদ্ধে আরও কোনো অবৈধ সম্পদ আছে কি না।
দুদক জানায়, মাহফুজুর রহমান দায়িত্ব পালনের সময় তার ব্যবসা ও মৎস্য খাত থেকে আয়ের কোনো দলিলাদি দেখাতে পারেননি। তিনি ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালের জাতীয় সংসদ নির্বাচনে তিনবার এমপি ছিলেন। দায়িত্ব পালনের সময় ক্ষমতার অপব্যবহার ও বিভিন্ন অনিয়মের মাধ্যমে তিনি অবৈধ সম্পদ অর্জন করেছেন বলে দুদক সূত্রে জানা গেছে।
রিয়াজ উদ্দিন আরও বলেন, ২০১৪ সালের দশম জাতীয় সংসদ নির্বাচনে মাহফুজুর রহমানের হলফনামায় বার্ষিক আয় ছিল ৪৭ লাখ ৫ হাজার ৮০৫ টাকা। গত ১০ বছরে তার আয় বেড়ে দাঁড়িয়েছে ৯৪ লাখ ৬৭ হাজার ৮২৪ টাকায়, যা ২০১৪ সালের তুলনায় ১০১ শতাংশ বৃদ্ধি। অস্থাবর সম্পদ বেড়েছে ১৯৯ শতাংশের বেশি। স্ত্রী মাহমুদা মাহফুজের স্থাবর ও অস্থাবর সম্পদও ১৯০ শতাংশের বেশি বৃদ্ধি পেয়েছে।
সিএ/এমই


