চাঁদপুর-২ (মতলব উত্তর–দক্ষিণ) আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রার্থিতা ফিরে না পেয়ে বিএনপির মনোনীত প্রার্থীর পক্ষে কাজ করার ঘোষণা দিয়েছেন জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও প্রয়াত প্রতিমন্ত্রী নুরুল হুদার ছেলে তানভীর হুদা। তিনি এ আসনে বিএনপির প্রার্থী মোহাম্মদ জালাল উদ্দিনের পক্ষে ভোট চাওয়ার পাশাপাশি ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন।
সোমবার (২ ফেব্রুয়ারি) বিকেলে মতলব দক্ষিণ উপজেলার খন্দকারকান্দি মাদ্রাসার মাঠে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তানভীর হুদা এ ঘোষণা দেন। এ সময় তিনি তাঁর অনুসারী বিএনপির নেতা-কর্মী ও সমর্থকদের ধানের শীষের পক্ষে মাঠে কাজ করার অনুরোধ জানান।
সংবাদ সম্মেলনে তানভীর হুদা বলেন, তিনি নির্বাচনে প্রার্থিতা টিকিয়ে রাখতে সাধ্যমতো চেষ্টা করেছেন। নির্বাচন কমিশন, হাইকোর্ট ও আপিল বিভাগে আবেদন করেও শেষ পর্যন্ত প্রার্থিতা ফিরে পাননি। ফলে এবারের নির্বাচনে অংশ নেওয়া সম্ভব হচ্ছে না। তবে দলের চেয়ারপারসন তারেক রহমানের নির্দেশে তিনি এখন থেকে বিএনপির প্রার্থী মোহাম্মদ জালাল উদ্দিনকে বিজয়ী করতে সর্বাত্মকভাবে কাজ করবেন।
তিনি আরও বলেন, ব্যক্তিগত প্রার্থিতার চেয়ে দলের স্বার্থ ও ঐক্য বড়। তাই সব ভেদাভেদ ভুলে বিএনপির প্রার্থীর পক্ষে কাজ করাই এখন তাঁর প্রধান লক্ষ্য।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন মতলব উত্তর উপজেলা বিএনপির জ্যেষ্ঠ সহসভাপতি গোলাম সারওয়ার মজুমদার, জেলা বিএনপির সম্পাদকমণ্ডলীর সদস্য জাকির হোসেনসহ স্থানীয় বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতারা।
স্থানীয় সূত্রে জানা গেছে, স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করা তানভীর হুদার মনোনয়নপত্র গত ৩ জানুয়ারি যাচাই-বাছাই শেষে জেলা রিটার্নিং কর্মকর্তা বাতিল করেন। পরে নির্বাচন কমিশনে আপিল করলেও সিদ্ধান্ত বহাল থাকে। এরপর হাইকোর্টে প্রার্থিতার বৈধতা চেয়ে আবেদন করেন তিনি, সেখানেও আবেদন খারিজ হয়। হাইকোর্টের আদেশ স্থগিত চেয়ে আপিল বিভাগে করা আবেদনেও সাড়া মেলেনি। রোববার (১ ফেব্রুয়ারি) শুনানি শেষে আপিল বিভাগ হাইকোর্টের আদেশ বহাল রাখেন।
সিএ/এমই


