উত্তর কোরিয়া পূর্ব সাগরের দিকে অন্তত ১০টি অজ্ঞাত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে বলে জানিয়েছে দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী। যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার বার্ষিক বসন্তকালীন যৌথ সামরিক মহড়ার সময় এই ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের ঘটনা ঘটেছে।
দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফস অফ স্টাফ (জেসিএস) জানিয়েছে, উত্তর কোরিয়ার রাজধানী পিয়ংইয়ংয়ের সুনান এলাকার কাছ থেকে স্থানীয় সময় দুপুরের দিকে এই ক্ষেপণাস্ত্রগুলো নিক্ষেপ করা হয়। ক্ষেপণাস্ত্রগুলো পূর্ব সাগরের দিকে ছোড়া হয়েছে বলে নিশ্চিত করেছে দেশটির সামরিক কর্তৃপক্ষ।
জেসিএস এক বিবৃতিতে জানায়, ‘উত্তর কোরিয়ার সুনান এলাকার কাছ থেকে স্থানীয় সময় দুপুরের দিকে প্রায় ১০টি অজ্ঞাত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পূর্ব সাগরের দিকে নিক্ষেপ করা হয়েছে।’
বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার যৌথ সামরিক মহড়াকে কেন্দ্র করে প্রায়ই এ ধরনের ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়ে থাকে পিয়ংইয়ং। দীর্ঘদিন ধরে উত্তর কোরিয়া এই মহড়াকে সম্ভাব্য হামলার প্রস্তুতি হিসেবে আখ্যা দিয়ে আসছে এবং এর প্রতিক্রিয়া হিসেবে নিজেদের সামরিক সক্ষমতা প্রদর্শনের অংশ হিসেবে অস্ত্র পরীক্ষা বাড়িয়ে থাকে।
এর আগে ১০ মার্চ উত্তর কোরিয়ার নেতা কিম জং উন দেশটির পশ্চিম উপকূলে একটি নতুন ডেস্ট্রয়ার থেকে ক্রুজ ক্ষেপণাস্ত্র পরীক্ষার তদারকি করেন বলে জানিয়েছে রাষ্ট্রীয় সংবাদমাধ্যম।
কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি (কেসিএনএ) জানায়, যুদ্ধকালীন পরিস্থিতিতে কমান্ড ও নিয়ন্ত্রণ ব্যবস্থা যাচাই করা এবং নৌবাহিনীর নাবিকদের দ্রুত মোতায়েনের প্রস্তুতি নিতে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের নির্দেশ দেন কিম জং উন। একই সঙ্গে এই পরীক্ষার মাধ্যমে দেশটির পারমাণবিক প্রতিরোধ ক্ষমতাও প্রদর্শনের চেষ্টা করা হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।
সিএ/এসএ


