মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বাড়িয়ে কুয়েতে অবস্থানরত মার্কিন বাহিনীর একটি সামরিক ঘাঁটিতে আবারও হামলা চালিয়েছে ইরান। এবার ড্রোন ব্যবহার করে এই হামলা চালানো হয়েছে বলে জানা গেছে।
ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা তাসনিমের খবরে বলা হয়েছে, কুয়েতে অবস্থিত যুক্তরাষ্ট্রের আরিফজান সামরিক ঘাঁটিকে লক্ষ্য করে ড্রোন হামলা চালানো হয়। তবে হামলার পর ক্ষয়ক্ষতি বা হতাহতের বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত কোনো তথ্য প্রকাশ করা হয়নি।
এ ঘটনার পর অঞ্চলটিতে নিরাপত্তা পরিস্থিতি নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। সাম্প্রতিক সময়ে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইরানের মধ্যে পাল্টাপাল্টি হামলার ঘটনা বাড়তে থাকায় সামরিক উত্তেজনা ক্রমেই তীব্র হচ্ছে।
এর আগে কুয়েতে ইরানের হামলায় ছয়জন মার্কিন সেনা নিহত হওয়ার ঘটনা ঘটে। যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ওই তথ্য নিশ্চিত করা হয়েছে।
জানা গেছে, গত শনিবার ইরানের বিভিন্ন স্থাপনায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার জবাবে পাল্টা সামরিক পদক্ষেপ শুরু করে তেহরান। সেই প্রতিক্রিয়ার অংশ হিসেবেই কুয়েতে অবস্থানরত মার্কিন বাহিনীর ওপর একাধিক হামলার ঘটনা ঘটছে বলে ধারণা করা হচ্ছে।
সূত্র: তাসনিম
সিএ/এএ


