মন্ত্রিপর্যায়ের দায়িত্বশীল ব্যক্তিদের কাঁচা কথাবার্তা সমাজে অস্থিরতা সৃষ্টি করছে এবং অপরাধকে উসকে দিচ্ছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলের নেতা ডা. শফিকুর রহমান।
শুক্রবার বাদ জুম্মা সিলেটের কুদরত উল্লাহ মসজিদে নামাজ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
ডা. শফিকুর রহমান বলেন, এই মুহূর্তে সরকারদলের কিছু গুরুত্বপূর্ণ দায়িত্বশীল ব্যক্তি, এমনকি মন্ত্রীপর্যায় থেকে এমন কিছু কাঁচা কথাবার্তা বলা হচ্ছে, যা সমাজকে অস্থির করে তুলছে এবং অপরাধপ্রবণতা বাড়াচ্ছে। তিনি বলেন, এই ধরনের দায়িত্বজ্ঞানহীন আচরণ চলতে থাকলে দেশ ভালো পথে এগোবে না।
তিনি আরও বলেন, সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন স্থানে মানুষের জীবনের নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে। এ বিষয়ে সরকারের দৃষ্টি আকর্ষণ করে তিনি বলেন, অপরাধীদের পাশে যেন সরকারদলীয় কেউ না দাঁড়ায়। যদি অপরাধীদের রক্ষা করা হয়, তবে সমাজ থেকে অপরাধ দূর করা অসম্ভব হয়ে পড়বে।
রাষ্ট্রপতির বিষয়ে অভিসংশনের প্রস্তাব দেওয়া হবে কি না— এমন প্রশ্নের জবাবে তিনি জানান, এ বিষয়ে এখনো দলীয় ফোরামে বড় পরিসরে আলোচনা হয়নি। দেশের কল্যাণে যা প্রয়োজন, আলোচনা করে সে সিদ্ধান্তই নেওয়া হবে।
সরকারের প্রসঙ্গে তিনি বলেন, ভালো উদ্যোগে সরকারকে সমর্থন দেওয়া হবে। তবে জনগণ, পরিবেশ বা ধর্মীয় বিষয়ে ক্ষতিকর সিদ্ধান্ত নিলে সেখানে আপস করা হবে না।
সিএ/এমআর


