ঘুমের মধ্যে হঠাৎ পায়ের পেশিতে তীব্র টান ধরে ব্যথায় ঘুম ভেঙে যাওয়া একটি সাধারণ সমস্যা। চিকিৎসাবিজ্ঞানের ভাষায় একে নকচারনাল লেগ ক্র্যাম্পস বলা হয়। শিশু থেকে বৃদ্ধ—সব বয়সের মানুষই এই সমস্যায় ভুগতে পারেন।
চিকিৎসকদের মতে, শরীরে পানির ঘাটতি, ক্যালসিয়াম, পটাশিয়াম ও ম্যাগনেসিয়ামের অভাব এই সমস্যার প্রধান কারণ। দীর্ঘক্ষণ দাঁড়িয়ে কাজ করা, অতিরিক্ত ব্যায়াম, গর্ভাবস্থা ও বার্ধক্যেও পেশিতে টান ধরতে পারে।
ঘুমের মধ্যে পায়ে টান ধরলে আক্রান্ত পা সোজা করে স্ট্রেচিং করা, ধীরে হাঁটাচলা করা, গরম সেঁক দেওয়া বা হালকা ম্যাসাজ করলে আরাম পাওয়া যায়।
এই সমস্যা এড়াতে পর্যাপ্ত পানি পান, পুষ্টিকর খাবার গ্রহণ, সঠিক ঘুমের ভঙ্গি ও ঘুমের আগে হালকা ব্যায়াম উপকারী। তবে পায়ে টান যদি ঘন ঘন হয় বা ব্যথা দীর্ঘস্থায়ী হয়, তাহলে চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি।
সিএ/এমআর


