টি-টুয়েন্টি বিশ্বকাপে ‘বি’ গ্রুপের শেষ ম্যাচে অস্ট্রেলিয়া ওমানকে সহজে হারিয়ে জয়লাভ করেছে। মাত্র ৯.৪ ওভারে ১০৮ রান তুলে ৯ উইকেটে জয় নিশ্চিত করেছে দল। এই জয়ে অস্ট্রেলিয়ার মনের ব্যথা কিছুটা হলেও কমতে পারে।
ম্যাচে অস্ট্রেলিয়া প্রথমে ওমানকে ১০৫ রানে আটকে দেয়। এরপর ওপেনার মিচেল মার্শ এবং ট্রাভিড হেডের ঝোড়ো ব্যাটিংয়ে দ্রুত ও সহজ জয় নিশ্চিত হয়। ২০২৪ সালের বিশ্বকাপে যুক্তরাষ্ট্রের বিপক্ষে ইংল্যান্ডের করা রেকর্ডের সমান করে অস্ট্রেলিয়া এই রান তাড়া সম্পন্ন করে।
গ্রুপ পর্ব থেকেই ছিটকে যাওয়া অস্ট্রেলিয়ার জয়টি ১০ উইকেটে আসতে পারত। তবে হেড ১৯ বলে ৩২ রান করে আউট হওয়ায় জয় আসে ৯ উইকেটে। অধিনায়ক মিচেল মার্শ অপরাজিত থাকেন ৩৩ বলে ৬৪ রানে, এবং তিন নম্বরে নামা জশ ইংলিশ অপরাজিত থাকেন ৬ বলে ১২ রানে।
অস্ট্রেলিয়ার জয়ের ভিত্তি তৈরি করেছেন বোলাররা, বিশেষ করে লেগ স্পিনার অ্যাডাম জাম্পা। ২১ রানে ৪ উইকেট নিয়ে ম্যাচসেরাও হয়েছেন তিনি। টসে জিতে ফিল্ডিং নেওয়া অস্ট্রেলিয়া শুরু থেকেই ওমানকে চেপে ধরেছে। প্রথম বলেই জাভিয়ের বার্টলেট ওমানের ওপেনার আমির কালিমকে বোল্ড করেন। কিছুক্ষণ পরই ফেরান অন্য ওপেনার যতিন্দর সিংকেও। ওমানের সর্বোচ্চ স্কোর করেন ওয়াসিম আলী ৩২ রান করে।
ম্যাচ শেষে অধিনায়ক মার্শ বলেন, ‘আমরা সুযোগ হারিয়েছি। আমি আগেও অনেকবার বলেছি, ড্রেসিংরুম এখন ভীষণ হতাশায় আচ্ছন্ন। যে কয়েকটা ম্যাচে আমাদের সেরাটা খেলার দরকার ছিল, আমরা তা পারিনি।’ ম্যাচসেরাও হওয়া জাম্পা যোগ করেন, ‘খুবই কঠিন কয়েকটা দিন গেল। ড্রেসিংরুমে এখন পিনপতন নীরবতা। বিশ্বকাপ থেকে এত দ্রুত বিদায় নেওয়াটা সত্যিই খুব হতাশাজনক।’
সিএ/এমই


