তিন মাসের বেশি সময় পর আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ। গত ২ ডিসেম্বর আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজ শেষ হওয়ার পর জাতীয় দলের প্রধান ব্যস্ততা ছিল টি-টুয়েন্টি বিশ্বকাপ। তবে অন্তর্বর্তী সরকারের ভারতের সফর বাতিলের কারণে লিটনদের সেই টুর্নামেন্টে খেলার সুযোগ হয়নি।
সব ঠিক থাকলে বাংলাদেশ ক্রিকেট দল আবার মাঠে নামবে আগামী ১১ মার্চ। আজ বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, সফরকারী পাকিস্তান দলের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু হবে ওই দিন।
বিসিবি প্রকাশিত সূচি অনুযায়ী, পাকিস্তান ক্রিকেট দল ঢাকায় পৌঁছাবে ৯ মার্চ। দুই দিন পরই মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে সিরিজের প্রথম ম্যাচ অনুষ্ঠিত হবে। পরের দুই ম্যাচ অনুষ্ঠিত হবে ১৩ ও ১৫ মার্চ। সব ম্যাচই দিবারাত্রির, খেলা শুরু হবে বাংলাদেশ সময় বেলা ২টা ১৫ মিনিটে। সিরিজ শেষে পাকিস্তান দল ঢাকা ছাড়বে ১৬ মার্চ।
এই সিরিজ দিয়েই বাংলাদেশের ওয়ানডে বিশ্বকাপে সরাসরি যোগ্যতা অর্জনের চ্যালেঞ্জ শুরু হবে। বিশ্বকাপে সরাসরি জায়গা পেতে আগামী বছরের ৩১ মার্চের মধ্যে র্যাঙ্কিংয়ে সেরা ৯ টিমের মধ্যে থাকতে হবে। বর্তমানে বাংলাদেশ অবস্থান করছে ১০ নম্বরে।
এ বছর বাংলাদেশ সব মিলিয়ে ২৩টি ওয়ানডে খেলার পরিকল্পনা করছে।
সিএ/এমই


