বিশ্বজুড়ে নিজেদের বিভিন্ন সেবায় কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার বাড়ানোর ধারাবাহিকতায় নতুন একটি উদ্যোগ পরীক্ষা করছে গুগল। সার্চ ফলাফলে কোনো সংবাদের মূল শিরোনামের পরিবর্তে বিকল্প শিরোনাম দেখানোর এই পরীক্ষায় ইতিমধ্যে কিছু ব্যবহারকারী ভিন্নভাবে উপস্থাপিত শিরোনাম দেখতে পাচ্ছেন। এ কারণে প্রযুক্তি বিশ্লেষকদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে।
প্রযুক্তিবিষয়ক সংবাদমাধ্যম দ্য ভার্জ এক প্রতিবেদনে জানিয়েছে, সম্প্রতি ‘আই ইউজড দ্য “চিট অন এভরিথিং” এআই টুল অ্যান্ড ইট ডিডন্ট হেল্প মি চিট অন এনিথিং’ শিরোনামের একটি নিবন্ধ প্রকাশিত হয়। তবে গুগল সার্চ সেটিকে ‘চিট অন এভরিথিং এআই টুল’ নামে প্রদর্শন করেছে। এতে পাঠকের কাছে সংশ্লিষ্ট টুলটি ইতিবাচক বলে মনে হওয়ার ঝুঁকি তৈরি হয়, যা মূল নিবন্ধের বক্তব্যের সঙ্গে সাংঘর্ষিক।
বিশেষজ্ঞদের মতে, শিরোনাম কোনো সংবাদের প্রথম ধারণা তৈরি করে এবং অনেক ক্ষেত্রে সেটিই একমাত্র তথ্যসূত্র হিসেবে কাজ করে। ফলে শিরোনাম পরিবর্তিত হলে ভুল ব্যাখ্যা বা বিভ্রান্তির সম্ভাবনা বাড়ে।
গুগলের এক মুখপাত্র জানিয়েছেন, এই পরীক্ষা এখনো সীমিত পরিসরে রয়েছে এবং বড় পরিসরে চালুর কোনো সিদ্ধান্ত হয়নি। আরেকজন মুখপাত্র বলেন, ব্যবহারকারীর অনুসন্ধানের সঙ্গে সবচেয়ে প্রাসঙ্গিক শিরোনাম উপস্থাপন করাই এই উদ্যোগের উদ্দেশ্য।
প্রযুক্তি বিশ্লেষকদের মতে, গুগল সার্চে শিরোনাম পরিবর্তনের বিষয়টি অত্যন্ত সংবেদনশীল, কারণ এটি অল্প সময়ের মধ্যে বিপুল মানুষের কাছে পৌঁছে জনমত গঠনে ভূমিকা রাখতে পারে। যদিও এখনো সব অঞ্চলে এই পরিবর্তনের প্রভাব স্পষ্ট নয়।
সিএ/এমআর


