টাঙ্গাইল-১ (মধুপুর-ধনবাড়ী) আসনে টানা ৪৫ বছর পর প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচনে জয় পেয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল। গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দলটির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ফকির মাহাবুব আনাম স্বপন নির্বাচিত হওয়ায় দীর্ঘদিনের হারানো আসনটি পুনরুদ্ধার করে বিএনপি।
নির্বাচনে বিজয়ের পর ১৭ ফেব্রুয়ারি মঙ্গলবার সকালে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় সংসদ সদস্য হিসেবে শপথ নেন ফকির মাহাবুব আনাম স্বপন। পরে একইদিন বিকেলে তিনি মন্ত্রী হিসেবে শপথ বাক্য পাঠ করেন। সংশ্লিষ্ট সূত্র জানায়, শপথ গ্রহণের পর তাকে ডাক, টেলিযোগযোগ ও আইসিটি মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। একইসঙ্গে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বও তার ওপর ন্যস্ত করা হয়েছে।
নবনিযুক্ত মন্ত্রী ফকির মাহাবুব আনাম স্বপন একটি রাজনৈতিক পরিবারের সন্তান। তার বাবা মকবুল হোসেন ফকির এবং মায়ের নাম মরিয়ম বানু। হলফনামার তথ্যমতে, তিনি পেশাগতভাবে একজন রাজনীতিক। রাজনীতির পাশাপাশি তিনি ব্যবসার সঙ্গেও যুক্ত রয়েছেন।
মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের শপথ পাঠ করান রাষ্ট্রপতি মহম্মদ সাহাবুদ্দিন। শপথ অনুষ্ঠানে নবনিযুক্ত প্রধানমন্ত্রী তারেক রহমানসহ সরকারের ঊর্ধ্বতন ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ধানের শীষ প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করে ফকির মাহাবুব আনাম স্বপন ১ লাখ ৫৩ হাজার ৯৩২ ভোট পেয়ে নির্বাচিত হন। এটিই তার প্রথমবারের মতো জাতীয় সংসদে প্রতিনিধিত্ব।
সিএ/এমআর


