বাংলাদেশের ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ) এবং সৌদি আরবের হজ ও ওমরাহ বিষয়ক মন্ত্রী ড. তৌফিক বিন ফাউজান আল রাবিয়াহর মধ্যে একটি দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এতে হজ ও ওমরাহ সেবার উন্নয়ন এবং সহযোগিতা বাড়ানোর বিষয়ে উভয় দেশ একমত হয়েছে।
ধর্ম মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সোমবার সৌদি আরবের মদিনায় কিং সালমান আন্তর্জাতিক কনভেনশন সেন্টারে স্থানীয় সময় সকাল ১১টায় এ বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে ধর্মমন্ত্রী সৌদি সরকারের হজ ব্যবস্থাপনায় আধুনিকায়ন ও প্রযুক্তির ব্যবহারের প্রশংসা করেন। তিনি বলেন, পবিত্র দুই মসজিদের খাদেম বাদশাহ সালমান বিন আবদুল আজিজ আল সৌদ এবং ক্রাউন প্রিন্স ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমানের নেতৃত্বে হজ ব্যবস্থাপনায় উল্লেখযোগ্য উন্নয়ন হয়েছে।
তিনি সৌদি সরকারকে বাংলাদেশের পক্ষ থেকে ধন্যবাদ জানান এবং বলেন, দুই দেশের মধ্যে সম্পর্ক ভ্রাতৃত্বপূর্ণ ও পারস্পরিক আস্থার ভিত্তিতে গড়ে উঠেছে। ভবিষ্যতে এই সম্পর্ক আরও জোরদার হবে বলে আশা প্রকাশ করেন।
বৈঠকে বাংলাদেশের হজযাত্রীদের সুবিধার্থে একটি লিখিত প্রস্তাবনা সৌদি মন্ত্রীর কাছে তুলে দেওয়া হয়। পাশাপাশি উভয় পক্ষের মধ্যে সৌজন্য উপহার বিনিময় হয়।
এ সময় ধর্ম সচিবসহ বাংলাদেশ ও সৌদি আরবের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ধর্মমন্ত্রী বর্তমানে সৌদি আরবে অবস্থান করছেন এবং হজ ও ওমরাহ সংক্রান্ত বিভিন্ন কর্মসূচিতে অংশ নিচ্ছেন।
সিএ/এমআর


