রমজান মাসে তরুণদের ধর্মীয় অনুশীলনে উৎসাহিত করতে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে ব্যতিক্রমী এক উদ্যোগ নেওয়া হয়েছে। মরিচাকান্দি পূর্বপাড়া প্রবাসী ও যুব সমাজের আয়োজনে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় ও ইতেকাফে অংশ নেওয়া শতাধিক মুসল্লিকে পুরস্কৃত করা হয়েছে।
শুক্রবার বিকেলে ‘তারুণ্যের চ্যালেঞ্জ’ শীর্ষক কর্মসূচির তৃতীয় সিজনের সমাপনী উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন নরসিংদী জেলা ও দায়রা জজ আল মামুন।
আয়োজকদের তথ্য অনুযায়ী, রমজানের শুরুতে ঘোষিত এই কর্মসূচিতে বিভিন্ন বয়সী অংশগ্রহণকারীরা যুক্ত হন। নিয়মিত জামায়াতে নামাজ আদায়, হাদিস অধ্যয়ন এবং ইতেকাফ পালনের ভিত্তিতে বাছাই শেষে ৫৩ জন প্রতিযোগী ও ৪৭ জন ইতেকাফকারী চূড়ান্তভাবে নির্বাচিত হন।
অনুষ্ঠানে বিজয়ীদের মধ্যে ফ্রিজ, ওয়াশিং মেশিন, ব্লেন্ডার, ডিনার সেট, জায়নামাজ ও হাদিসগ্রন্থসহ বিভিন্ন পুরস্কার বিতরণ করা হয়। মোট পুরস্কারের মূল্য প্রায় দুই লাখ টাকা বলে জানা গেছে।
সভাপতির বক্তব্যে আল মামুন বলেন, মানুষের জীবনে সময়ই সবচেয়ে মূল্যবান সম্পদ। এই সময়কে সঠিকভাবে কাজে লাগাতে পারলেই একজন মানুষ সফলতা অর্জন করতে পারে। রমজান আমাদের সেই সময় ব্যবস্থাপনার শিক্ষা দেয় ইবাদত, আত্মসংযম ও ভালো কাজের মাধ্যমে নিজেদের গড়ে তোলার সুযোগ তৈরি করে। বর্তমান প্রজন্ম যদি সময়ের মূল্য বুঝে তা সৎ ও কল্যাণকর কাজে ব্যয় করে, তাহলে তারা সমাজের জন্য সম্পদে পরিণত হবে। তাই তরুণদের সময়ের সঠিক ব্যবহার নিশ্চিত করতে পরিবার ও সমাজকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।
অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরাও উপস্থিত ছিলেন এবং এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করেন।
সিএ/এমআর


