ইসলামের ইতিহাসে মুসআব ইবন উমাইর রা একটি উজ্জ্বল নাম। তিনি ছিলেন মদিনার প্রথম দাঈ, যার প্রচেষ্টায় মদিনার ঘরে ঘরে ইসলামের আলো পৌঁছে যায়। তার জীবন দুনিয়ার বিলাসিতা ছেড়ে আল্লাহ ও রাসুলের প্রতি নিখাদ ভালোবাসার এক অনন্য দৃষ্টান্ত।
ইসলাম গ্রহণের আগে মুসআব রা ছিলেন মক্কার অন্যতম ধনাঢ্য ও সুদর্শন যুবক। দামি পোশাক ও সুগন্ধিতে তিনি ছিলেন সবার মাঝে পরিচিত। তবে নবীজি সা-এর দাওয়াত গ্রহণের পর তার জীবন সম্পূর্ণ পাল্টে যায়।
ইসলাম গ্রহণের খবর জানার পর তার মা তাকে বন্দি করে রাখেন এবং সব সুযোগ-সুবিধা কেড়ে নেন। তবুও তিনি ঈমান থেকে সরে আসেননি। একপর্যায়ে তিনি আবিসিনিয়ায় হিজরত করেন।
পরবর্তীতে নবীজি সা তাকে মদিনায় পাঠান দাঈ হিসেবে। তার বিনয়ী আচরণ ও কুরআনের তেলাওয়াতের মাধ্যমে অল্প সময়ের মধ্যেই মদিনায় ইসলামের শক্ত ভিত্তি গড়ে ওঠে, যা পরবর্তীতে হিজরতের পথ সুগম করে।
ওহুদ যুদ্ধে ইসলামি পতাকা বহন করতে গিয়ে মুসআব রা শহীদ হন। মৃত্যুর পর তার দেহ ঢাকার মতো পূর্ণ কাপড়ও ছিল না। একসময়কার বিলাসী যুবকের এই পরিণতি ইসলামের জন্য ত্যাগের গভীর শিক্ষা দেয়।
সিএ/এমআর


