ইসলামের পাঁচটি ভিত্তির অন্যতম হলো রমজান মাসে রোজা রাখা। বাহ্যিকভাবে রোজা মানে সুবহে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত পানাহার ও যৌন কার্য থেকে বিরত থাকা। তবে এর প্রকৃত মর্ম ও উদ্দেশ্য আরও গভীর।
ইসলামের প্রতিটি আমলের মতো রোজারও একটি বাহ্যিক দিক ও একটি অন্তর্নিহিত উদ্দেশ্য রয়েছে। আল্লাহ তাআলা কেবল বাহ্যিক আমল নয়, বরং সেই আমলের আত্মা ও শিক্ষা বাস্তব জীবনে প্রতিফলিত হওয়া চান। রোজার উদ্দেশ্য হলো সংযম, ধৈর্য, সহনশীলতা এবং নিষিদ্ধ কাজ থেকে বিরত থাকার মানসিকতা গড়ে তোলা।
যারা রোজাকে কেবল নির্দিষ্ট সময় না খাওয়ার মধ্যে সীমাবদ্ধ রাখে, তাদের জীবনে রোজার প্রকৃত শিক্ষা প্রতিফলিত হয় না। প্রকৃত রোজাদার সেই ব্যক্তি, যার চরিত্রে ধৈর্য স্থায়ী গুণে পরিণত হয় এবং যিনি কথা, কাজ ও আচরণে সংযমী থাকেন।
ইসলামের অন্যান্য ভিত্তির মতো রোজাও তখনই পূর্ণতা পায়, যখন এর বাহ্যিক রূপের সঙ্গে মর্ম ও উদ্দেশ্য যুক্ত হয়। তবেই একজন মুসলমান আল্লাহর রহমত ও প্রতিদানের আশা করতে পারে।
সিএ/এমআর


