জ্যোতির্বিজ্ঞানের হিসাব অনুযায়ী, এ বছর পবিত্র রমজান মাস শুরুর তারিখ নিয়ে বিভিন্ন দেশে ভিন্নতা দেখা দিতে পারে। খালি চোখে চাঁদ দেখা ও গাণিতিক হিসাবের পার্থক্যের কারণে কোনো দেশে ১৮ ফেব্রুয়ারি, আবার কোথাও ১৯ ফেব্রুয়ারি থেকে রোজা শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে।
আরব ইউনিয়ন ফর অ্যাস্ট্রোনমি অ্যান্ড স্পেস সায়েন্সেসের সদস্য ও এমিরেটস অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটির চেয়ারম্যান ইব্রাহিম আল জারওয়ান জানিয়েছেন, শুরুর তারিখে ভিন্নতা থাকলেও অধিকাংশ মুসলিম দেশে শাওয়ালের চাঁদ দেখা ও ঈদুল ফিতরের তারিখ প্রায় একই হতে পারে। সেই হিসেবে ২০ মার্চের দিকে ঈদুল ফিতর উদ্যাপিত হওয়ার সম্ভাবনা রয়েছে।
মহাকাশ গবেষণার তথ্য অনুযায়ী, এ বছর রমজান মাস ২৯ দিনে পূর্ণ হওয়ার সম্ভাবনাই বেশি। এ হিসাবে ১৯ ফেব্রুয়ারি রোজা শুরু হলে ১৯ মার্চ শেষ রোজা এবং ২০ মার্চ ঈদুল ফিতর হতে পারে।
জ্যোতির্বিজ্ঞানের হিসাব বলছে, ১৭ ফেব্রুয়ারি বিকেলে নতুন চাঁদের জন্ম হলেও সেদিন সূর্যাস্তের পর চাঁদের বয়স হবে খুব কম। ফলে খালি চোখে চাঁদ দেখা কঠিন হবে। তবে পরদিন ১৮ ফেব্রুয়ারি সূর্যাস্তের পর চাঁদ দেখা যাওয়ার সম্ভাবনা বেশি।
রমজানের শুরুতে আবুধাবিতে দিনের দৈর্ঘ্য হবে প্রায় ১১ ঘণ্টা ৩২ মিনিট, আর সাহ্রি থেকে ইফতার পর্যন্ত রোজার সময় প্রায় ১২ ঘণ্টা ৪৬ মিনিট। মাসের শেষ দিকে রোজার সময় বেড়ে সর্বোচ্চ প্রায় ১৩ ঘণ্টা ২৫ মিনিট হতে পারে। ভৌগোলিক পার্থক্যের কারণে দেশের বিভিন্ন অঞ্চলে সাহ্রি ও ইফতারের সময়েও সর্বোচ্চ ২০ মিনিট পর্যন্ত পার্থক্য দেখা দিতে পারে।
সিএ/এমআর


