পবিত্র রমজান মাসে খাদ্যাভ্যাসে বড় ধরনের পরিবর্তন আসে, যা মুখ ও দাঁতের স্বাস্থ্যে প্রভাব ফেলতে পারে। বিশেষজ্ঞরা বলছেন, এই সময় সঠিক পরিচর্যার অভাবে দাঁত ও মাড়ির বিভিন্ন সমস্যা দেখা দিতে পারে, তাই নিয়মিত যত্ন নেওয়া জরুরি।
সাহ্রির পর দাঁত ব্রাশ করে ঘুমানো এবং ইফতারের পর অন্তত একবার দাঁত পরিষ্কার করা ভালো অভ্যাস হিসেবে বিবেচিত হয়। বিশেষ করে ইফতার ও সাহ্রিতে মিষ্টিজাতীয় খাবার বেশি খাওয়ার কারণে দাঁতের এনামেল ক্ষয়ের ঝুঁকি বাড়ে, তাই খাওয়ার পর পরিষ্কার রাখা জরুরি।
রোজার সময় দীর্ঘক্ষণ না খাওয়ার ফলে মুখে দুর্গন্ধ তৈরি হতে পারে। অনেক ক্ষেত্রে অ্যাসিডিটি, গলার প্রদাহ কিংবা জিহ্বায় জমে থাকা খাদ্যকণাও এর কারণ হতে পারে। নিয়মিত ব্রাশ না করলে দাঁতে প্লাক জমে মাড়িতে প্রদাহ সৃষ্টি হওয়ার আশঙ্কা থাকে।
এছাড়া ভিটামিন সি–এর অভাবে মাড়ি থেকে রক্তপাতের সমস্যাও দেখা দিতে পারে। তাই ইফতারে লেবু, কমলালেবু, জাম্বুরা, আমড়া, আনারসসহ ভিটামিন সি সমৃদ্ধ খাবার খাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। পাশাপাশি গাজর, শসা ও টমেটোর মতো খাবারও মাড়ির স্বাস্থ্যের জন্য উপকারী।
বিশেষজ্ঞরা আরও জানান, যদি মাড়ির সমস্যা দীর্ঘস্থায়ী হয়, তাহলে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। অনেক ক্ষেত্রে ডেন্টাল স্কেলিংয়ের মাধ্যমে জমে থাকা প্লাক দূর করা প্রয়োজন হতে পারে।
সিএ/এমআর


