ভিটামিন সি বা অ্যাস্করবিক অ্যাসিড শরীরের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পুষ্টি উপাদান। এটি শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে, কোষকে ক্ষতির হাত থেকে রক্ষা করে এবং ক্ষত নিরাময়ে সহায়তা করে। ভিটামিন সি’র ঘাটতি হলে দুর্বলতা, ওজন হ্রাস এমনকি স্কার্ভির মতো রোগ দেখা দিতে পারে।
কমলা, লেবু বা পেয়ারা ভিটামিন সি’র পরিচিত উৎস হলেও আরও কিছু খাবার রয়েছে যেগুলো অনেকেই নিয়মিত খাদ্যতালিকায় রাখেন না।

কাঁচা মরিচে রয়েছে ভিটামিন সি ও বেটা-ক্যারোটিন, যা চোখ ও ত্বকের জন্য উপকারী। লাল মরিচেও উচ্চমাত্রার ভিটামিন সি পাওয়া যায়।
আনারস ক্যালসিয়াম ও পটাসিয়ামের পাশাপাশি ভিটামিন সি সরবরাহ করে। স্ট্রবেরিতে রয়েছে ম্যাগনেসিয়ামসহ নানা পুষ্টি উপাদান।
সবুজ সবজি ব্রকলি ভিটামিন সি’র সমৃদ্ধ উৎস। পেঁপে ও কিউয়িতেও রয়েছে প্রচুর ভিটামিন সি, এমনকি কিউয়িতে কমলার চেয়েও বেশি পাওয়া যায়।
আম ও মিষ্টি আলুতেও ভিটামিন সি বিদ্যমান। বিশেষজ্ঞদের মতে, এটি পানিতে দ্রবণীয় হওয়ায় অতিরিক্ত অংশ শরীর থেকে বের হয়ে যায়, ফলে সাধারণত ক্ষতির আশঙ্কা কম।
সিএ/এমআর


