বর্তমান সময়ে ভেষজ চায়ের জনপ্রিয়তা দ্রুত বাড়ছে। ক্যামোমাইল, পুদিনা কিংবা হিবিস্কাসের পাশাপাশি অনেকের পছন্দের তালিকায় যুক্ত হয়েছে অপরাজিতা চা। নীল রঙের এই ভেষজ চা প্রতিদিন পান করলে শরীরে কী ধরনের প্রভাব পড়ে, তা নিয়ে আগ্রহ রয়েছে অনেকের।
অপরাজিতা চা তৈরি করা হয় ক্লিটোরিয়া টার্নেটিয়া নামের উদ্ভিদের শুকনো নীল ফুল থেকে। উজ্জ্বল রঙের পাশাপাশি এর রয়েছে নানা প্রাকৃতিক স্বাস্থ্য উপকারিতা। পরিমিত পরিমাণে নিয়মিত এই চা পান করলে শরীর সুস্থ রাখতে সহায়ক হতে পারে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা।
এই চা অ্যান্থোসায়ানিন নামের শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্টে সমৃদ্ধ। এটি শরীরে ফ্রি র্যাডিক্যালের ক্ষতিকর প্রভাব কমাতে সাহায্য করে। পাশাপাশি মস্তিষ্কের স্বাস্থ্য ভালো রাখতে, স্মৃতিশক্তি উন্নত করতে এবং মানসিক চাপ কমাতে ভূমিকা রাখে। অ্যান্টিঅক্সিডেন্ট কোলাজেন উৎপাদনে সহায়তা করে, যা ত্বকের বার্ধক্যের লক্ষণ কমাতে সাহায্য করে।
২০১৮ সালের একটি গবেষণায় দেখা গেছে, অপরাজিতা ফুলের নির্যাসযুক্ত পানীয় অ্যান্টিঅক্সিডেন্টের মাত্রা বাড়াতে পারে এবং রক্তে শর্করা ও ইনসুলিনের মাত্রা কমাতে সহায়ক। প্রাণীভিত্তিক আরেকটি গবেষণায় ডায়াবেটিসে আক্রান্ত ইঁদুরদের ক্ষেত্রে রক্তে শর্করার মাত্রা উল্লেখযোগ্যভাবে কমে যাওয়ার তথ্য পাওয়া গেছে।
বিশেষজ্ঞদের মতে, অপরাজিতা চা রক্তে শর্করা নিয়ন্ত্রণে সাহায্য করতে পারে এবং প্রদাহ কমায়। এটি প্রাকৃতিকভাবে ক্যাফেইনমুক্ত হওয়ায় ঘুমের ওপর নেতিবাচক প্রভাব ফেলে না। বরং আরাম পেতে ও ভালো ঘুমে সহায়তা করে।
সিএ/এমআর


