ইফতারের পরিচিত খাবার পেঁয়াজুকে এবার একটু ভিন্নভাবে তৈরি করা যায় ফ্রেঞ্চ ফ্রাই পেঁয়াজু হিসেবে। আলু ও ডালের সমন্বয়ে তৈরি এই পেঁয়াজু স্বাদে যেমন আলাদা, তেমনি দেখতেও ব্যতিক্রমী। রেসিপিটি দিয়েছেন জেবুন্নেসা বেগম।
এই রেসিপিতে প্রয়োজন হবে মসুর, খেসারি বা বুট ডাল এক কাপ, আধা চা-চামচ আদাবাটা, আধা চা-চামচ হলুদ গুঁড়া, আধা চা-চামচ মরিচ গুঁড়া, দুই টেবিল চামচ কাঁচা মরিচ কুচি, স্বাদমতো লবণ, এক টেবিল চামচ রোস্টেড তিল এবং দুই থেকে তিনটি বড় আলু।
প্রথমে ডাল ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে দুই ঘণ্টা ভিজিয়ে রাখতে হবে। এরপর ডাল ফুলে উঠলে পানি ঝরিয়ে হালকা করে বেটে নিতে হবে, খুব বেশি মিহি করা যাবে না।
এরপর পেঁয়াজ ও কাঁচা মরিচ কুচি করে নিতে হবে। বাটা ডালের সঙ্গে আদাবাটা, কাঁচা মরিচ, পেঁয়াজ কুচি, লবণ, রোস্টেড তিল, হলুদ ও মরিচ গুঁড়া দিয়ে ভালোভাবে মেখে নিতে হবে।
আলুর খোসা ছাড়িয়ে চিকন লম্বা করে কেটে সামান্য লবণ দিয়ে অল্প সেদ্ধ করে নিতে হবে। এরপর আলুর টুকরোর চারপাশে ডালের মিশ্রণ মুড়িয়ে গরম তেলে ডুবিয়ে ভেজে নিলেই তৈরি হবে ফ্রেঞ্চ ফ্রাই পেঁয়াজু।
সিএ/এমআর


