দৈনন্দিন কাজে কাঁধে ব্যথা এখন অনেকের পরিচিত সমস্যা। ঘুম থেকে ওঠার পর ঘাড় ও কাঁধে যন্ত্রণা, রান্না বা ঘরের কাজের সময় ব্যথা বেড়ে যাওয়া কিংবা দীর্ঘক্ষণ কম্পিউটার ব্যবহারের ফলে কাঁধ শক্ত হয়ে যাওয়ার অভিযোগ দিন দিন বাড়ছে। বিশেষ করে নারীরা এই সমস্যায় তুলনামূলকভাবে বেশি ভুগে থাকেন।
শুরুতে অনেকেই এই ব্যথাকে তেমন গুরুত্ব দেন না। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে যন্ত্রণা এমন পর্যায়ে পৌঁছায় যে ব্যথানাশক ওষুধ বা মলমেও আর তেমন কাজ হয় না। তখন ফিজিওথেরাপির প্রয়োজন পড়ে। বয়স্ক নারীদের ক্ষেত্রে এই সমস্যা আরও বেশি দেখা যায়। তবে সব কাঁধের ব্যথাকেই ফ্রোজেন শোল্ডার বা স্পন্ডিলাইটিস মনে করে ওষুধ খাওয়া ঠিক নয়।
বিশেষজ্ঞদের মতে, অধিকাংশ ক্ষেত্রে কাঁধের ব্যথার মূল কারণ পেশির দুর্বলতা বা পেশিতে টান। এ ধরনের ব্যথা কমাতে নিয়মিত হালকা ব্যায়ামই সবচেয়ে কার্যকর উপায়। সঠিক ব্যায়ামের মাধ্যমে পেশির জোর বাড়ে এবং রক্ত সঞ্চালন স্বাভাবিক হয়।
কাঁধের ব্যথা কমাতে শোল্ডার রোল ব্যায়াম উপকারী। সোজা হয়ে দাঁড়িয়ে দুই কাঁধ কানের দিকে তুলে ঘুরিয়ে পেছনের দিকে নামাতে হয়। একইভাবে আর্ম স্ট্রেচ ও ওভারহেড ট্রাইসেপ স্ট্রেচ কাঁধ ও হাতের পেশি শিথিল করে।
এ ছাড়া ওয়াল পুশ-আপ ব্যায়াম কাঁধের পেশিকে শক্তিশালী করে। দেয়ালের দিকে মুখ করে দাঁড়িয়ে হাত দিয়ে ভর দিয়ে শরীর সামনে-পেছনে নেওয়ার মাধ্যমে এই ব্যায়াম করা যায়। আর্ম সার্কল ব্যায়ামও কাঁধ ও হাতের জড়তা কমাতে সহায়ক।
নিয়মিত এসব ব্যায়াম করলে ধীরে ধীরে কাঁধের ব্যথা কমে আসে এবং দৈনন্দিন কাজ করা সহজ হয়।
সিএ/এমআর


