ব্যাংকক থেকে ঢাকায় ফেরার পথে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ১৪ বোতল মদসহ আটক হওয়ার অভিযোগ নিয়ে অবশেষে মুখ খুলেছেন অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি এ অভিযোগ অস্বীকার করে এটিকে উদ্দেশ্যপ্রণোদিত প্রচার বলে দাবি করেছেন।
গত বছরের আগস্টে কয়েকটি গণমাধ্যমে খবর প্রকাশিত হয়, ব্যাংকক থেকে ফেরার সময় মেহজাবীনের লাগেজে ১৪ বোতল মদ পাওয়া যায়। ঘটনার সময় তাঁর সঙ্গে ছিলেন স্বামী নির্মাতা আদনান আল রাজীব এবং নির্মাতা শঙ্খ দাসগুপ্ত। অভিযোগ ওঠে, বিপুল পরিমাণ মদ উদ্ধার হলেও রহস্যজনক কারণে বিমানবন্দর কর্তৃপক্ষ বিষয়টি প্রকাশ না করে ছেড়ে দেয়। পরে বিষয়টি গণমাধ্যমে ছড়িয়ে পড়লে সমালোচনার মুখে পড়েন এই অভিনেত্রী।
রোববার (২২ ফেব্রুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া বক্তব্যে মেহজাবীন বলেন, কিছুদিন ধরে আমি লক্ষ্য করছি আমাকে নানা বিষয়ে টার্গেট করা হচ্ছে। আপনারা অনেকেই জানেন, কিছুদিন আগেও একটি মিথ্যা মামলায় আমাকে হয়রানির শিকার হতে হয়েছিল। বিজ্ঞ আদালত সেই মামলা থেকে আমাকে অব্যাহতি দিয়েছেন,সত্য প্রতিষ্ঠিত হয়েছে।
তিনি আরও বলেন, আমি যখন নতুন করে কাজে মনোনিবেশ করেছি, ঠিক তখনই আবার আমার মানহানি করার চেষ্টা করা হচ্ছে।
প্রযুক্তির অপব্যবহার নিয়েও উদ্বেগ প্রকাশ করেন মেহজাবীন। তাঁর ভাষ্য অনুযায়ী, কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে তৈরি ভুয়া ছবি ও ভিডিও ছড়িয়ে শিল্পীদের বিব্রতকর পরিস্থিতিতে ফেলা হচ্ছে। বিশেষ করে নারীদের বিরুদ্ধে সাইবার টার্গেটিংয়ের প্রবণতা বাড়ছে বলেও তিনি উল্লেখ করেন।
সবশেষে নিজের অবস্থান পরিষ্কার করে অভিনেত্রী বলেন, তিনি কেবল নিজের কাজ নিয়েই এগিয়ে যেতে চান এবং চান তাঁর পেশাগত কাজ আলোচনায় থাকুক, বিতর্ক নয়।
সিএ/এএ


