চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিরাপত্তা ও জরুরি সেবা আরও সহজ করার লক্ষ্যে চালু হয়েছে ২৪ ঘণ্টার জরুরি হেল্পলাইন। বিশ্ববিদ্যালয় প্রশাসনের উদ্যোগে এবং কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু)-এর সহযোগিতায় শনিবার (৭ ফেব্রুয়ারি) দুপুর ১২টায় আনুষ্ঠানিকভাবে এ সেবার উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর ড. কামাল উদ্দিন। এ সময় চাকসুর আইন ও মানবাধিকার সম্পাদক ফজলে রাব্বি তৌহিদ, নির্বাহী সদস্য সোহানুর রহমানসহ প্রশাসনের বিভিন্ন দফতরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
উপ-উপাচার্য তাঁর বক্তব্যে বলেন, ২৪/৭ জরুরি হেল্পলাইন চালুর ফলে শিক্ষার্থীরা আরও দ্রুত ও সহজে প্রয়োজনীয় সেবা পাবে। ক্যাম্পাস নিরাপত্তা জোরদার হবে এবং সেবার মানও বৃদ্ধি পাবে।
চাকসুর আইন ও মানবাধিকার সম্পাদক ফজলে রাব্বি তৌহিদ জানান, দীর্ঘদিন ধরে জরুরি হেল্পলাইন না থাকায় শিক্ষার্থীরা বিভিন্ন সেবায় ভোগান্তিতে পড়ছিল। নির্বাচনী প্রতিশ্রুতির অংশ হিসেবেই এটি চালু করা হয়েছে।
নতুন এই হেল্পলাইনের মাধ্যমে শিক্ষার্থীরা প্রক্টর অফিস, নিরাপত্তা দপ্তর, ইঞ্জিনিয়ারিং অফিস, আইসিটি সেল, মেডিকেলসহ ভর্তি পরীক্ষা সংক্রান্ত তথ্য—সব ধরনের জরুরি সেবা যে কোনো সময় পাবেন।
বিশ্ববিদ্যালয় প্রশাসন ও চাকসু আশা করছে, ক্যাম্পাসে তাৎক্ষণিক সহায়তা এবং শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে এই হেল্পলাইন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
সিএ/এসএ


