চট্টগ্রামের সীতাকুণ্ডে সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে সংঘর্ষে একটি মাইক্রোবাস উল্টে গিয়ে ছয়জন আহত হয়েছেন। শনিবার (৬ ডিসেম্বর) বেলা ১১টার দিকে উপজেলার পৌর সদরের মডার্ন হাসপাতাল এলাকার ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের ঢাকামুখী লেনে এ দুর্ঘটনা ঘটে। আহতদের মধ্যে মাইক্রোবাসের চারজন যাত্রী ও অটোরিকশার দুই যাত্রী রয়েছেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, দুর্ঘটনার সময় অটোরিকশাটি যাত্রী নিয়ে মহাসড়কের পাশে দাঁড়িয়ে ছিল। এ সময় সামনে থেকে আসা একটি মাইক্রোবাস সেটিকে ধাক্কা দেয়। জানা গেছে, মাইক্রোবাসটির একটি চাকা ফেটে যাওয়ায় চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এরপর অটোরিকশায় ধাক্কা লাগার পর মাইক্রোবাসটি সড়কের পাশেই উল্টে যায়।
দুর্ঘটনার পর মাইক্রোবাসে থাকা গ্যাস সিলিন্ডারের সংযোগ বিচ্ছিন্ন হয়ে বিকট শব্দে গ্যাস বের হতে থাকে। এতে ঘটনাস্থলে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে কোনো ধরনের আগুন লাগেনি। ফলে বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পান যাত্রীরা।
স্থানীয় বাসিন্দারা দ্রুত ঘটনাস্থলে গিয়ে আহত ব্যক্তিদের উদ্ধার করেন। পরে তাঁদের কাছাকাছি একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়, যেখানে ছয়জনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
প্রত্যক্ষদর্শী মো. জুবায়ের হোসেন বলেন, ‘মাইক্রোবাসটি উল্টে যাওয়ার পর অন্তত দুই মিনিট যাত্রীরা ভেতরে আটকা ছিলেন। বিকট শব্দে গ্যাস বের হওয়ার কারণে উদ্ধারকারীদের মধ্যেও আতঙ্ক ছিল। তবে গ্যাস অনেকটা ফুরিয়ে যাওয়ার পর তাঁদের উদ্ধার করা হয়।’
সীতাকুণ্ড ফায়ার সার্ভিসের দায়িত্বরত সদস্য ফয়সাল আজিজ বলেন, ‘মাইক্রোবাসে থাকা কুয়েতপ্রবাসী ও তাঁর পরিবারের তিন সদস্য সামান্য আহত হয়েছেন। পাশাপাশি দুর্ঘটনায় অটোরিকশার দুই যাত্রীসহ মোট ছয়জন আহত হয়েছেন। আহত ব্যক্তিরা স্থানীয় হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।’
কুমিরা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক জাকির রাব্বানী জানান, ‘কুয়েতপ্রবাসী ওই ব্যক্তিকে তাঁর পরিবারের সদস্যরা বিমানবন্দর থেকে আনতে গিয়েছিলেন। মাইক্রোবাসটি সীতাকুণ্ড পৌর সদরের দক্ষিণ বাইপাস এলাকায় পৌঁছালে চাকা ফেটে নিয়ন্ত্রণ হারিয়ে এ দুর্ঘটনা ঘটে।’
সিএ/এমই


