নোয়াখালীর সেনবাগে মাকে মারধরের অভিযোগে ছেলেকে গলায় পানিভর্তি কলস ঝুলিয়ে বাজারে ঘোরানোর ঘটনা ঘটেছে। রোববার (৭ ডিসেম্বর) সকালে সেনবাগ উপজেলার ছাতারপাইয়া বাজারে এ অস্বাভাবিক প্রতিক্রিয়া দেখা যায়।
ঘটনার সূত্রপাত ভোররাতে। বৃদ্ধ মা সাহরি খেতে ছেলের রান্না করা ছাগলের মাংস চেয়েছিলেন, কিন্তু ছেলে (৩৬) মাংস না দিয়ে উল্টো মাকে মারধর করেন। কাঁদতে কাঁদতে মা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের বাড়িতে বিচার প্রার্থনা করতে আসেন। ঘটনাটি অবগত হয়ে চেয়ারম্যান আবদুর রহমান আজ সকালে ছেলেকে চৌকিদার (গ্রাম পুলিশ) দিয়ে ধরে আনেন। পরে ইউনিয়ন পরিষদে প্রকাশ্য সালিসে ছেলেকে গলায় পানিভর্তি কলস ঝুলিয়ে স্থানীয় বাজারে ঘোরানো হয়।
ছাতারপাইয়া ইউনিয়ন পরিষদ কমপ্লেক্সে অনুষ্ঠিত সালিসের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। ভিডিওতে চেয়ারম্যান আবদুর রহমান উপস্থিত লোকজনকে বলেন, ‘এ রকম কোনো ব্যক্তি যদি মাকে ভাত না দেয়, মারধর করে তাহলে বিচার নিয়ে আমাদের কাছে আসবেন, কোনো জেলজুলুমের দরকার নাই। বিচার আমরা করব।’
চেয়ারম্যান আবদুর রহমান প্রথম আলোকে জানান, বৃদ্ধা মা ছেলের ঘরে রান্না করা ছাগলের মাংস চেয়েছিলেন, কিন্তু ছেলের প্রতিক্রিয়া মারাত্মক ছিল। তাই তিনি গ্রাম্য সালিসের মাধ্যমে প্রকাশ্য বিচার করেছেন।
সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাশার বলেন, ‘গ্রাম্য সালিসে আদালত করার অধিকার অবশ্যই আছে। তবে এ ধরনের বিচার ব্যবস্থা আগে কখনো শোনা যায়নি। বিষয়টি দৃষ্টিকটু। থানায় এ বিষয়ে কোনো অভিযোগ দায়ের হয়নি।’
সিএ/এমই


