নারায়ণগঞ্জের রূপগঞ্জে পৃথক দুটি নির্মাণাধীন ভবনে দুর্ঘটনায় চারজনের মৃত্যু হয়েছে। এর মধ্যে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুজন এবং নির্মাণাধীন ভবনের ছাদ থেকে পড়ে দুজন নিহত হয়েছেন। একই ঘটনায় আরও একজন গুরুতর দগ্ধ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
শনিবার (৬ ডিসেম্বর) বিকেলে উপজেলার মধ্যপাড়া এলাকায় একটি নির্মাণাধীন তিনতলা ভবনে থাই গ্লাস বসানোর কাজ চলাকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ভবনের মালিক আরফান মোল্লা (৫৫) ঘটনাস্থলেই মারা যান। এ সময় তাঁর ছেলে লিয়ন মোল্লা (৩২) এবং থাই গ্লাসের মিস্ত্রি সাদিকুর রহমান (৩৫) দগ্ধ হন।
পরে স্থানীয় লোকজন তাঁদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে নিয়ে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যা সাতটার দিকে থাই গ্লাসের মিস্ত্রি সাদিকুর রহমান মারা যান। দগ্ধ লিয়ন মোল্লা বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
অন্যদিকে একই দিন বিকেলে পূর্বাচল জলসিঁড়ি আবাসন প্রকল্পের ১৬ নম্বর সেক্টরের ৫০৩ নম্বর সড়কে নির্মাণাধীন একটি নয়তলা ভবনে কাজ করার সময় দুর্ঘটনায় দুই রাজমিস্ত্রির মৃত্যু হয়। ভবনের ছয়তলায় প্লাস্টারের কাজ করার সময় রশি ছিঁড়ে নিচে পড়ে তাঁদের মৃত্যু হয়।
নিহত দুজন হলেন কুড়িগ্রাম সদর উপজেলার বাসিন্দা আলমগীর ইসলাম (২৮) এবং একই উপজেলার মসলাপাড়া গ্রামের আলম বাদশা (৩৫)। দুর্ঘটনার পর তাঁদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
এ বিষয়ে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সবজেল হোসেন জানান, নির্মাণাধীন ভবনের পাশ দিয়ে থাকা ৩৩ হাজার ভোল্টের বৈদ্যুতিক লাইনের সংস্পর্শে এসে একজন ঘটনাস্থলে মারা যান এবং হাসপাতালে নেওয়ার পর আরও একজনের মৃত্যু হয়। অপর ঘটনায় নির্মাণাধীন ভবনে কাজ করার সময় ছাদ থেকে পড়ে দুজন শ্রমিকের মৃত্যু হয়েছে।
সিএ/এমই


