স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেছেন, দেশের প্রত্যেক মানুষ যাতে সহজলভ্য ও মানসম্মত স্বাস্থ্যসেবা পান, এজন্য সরকার পদক্ষেপ গ্রহণ করছে। তিনি বলেন, স্বাস্থ্যসেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়া, হাসপাতালগুলোকে দুর্নীতি ও দালালমুক্ত করা এবং সাধারণ মানুষ যেন হাসপাতালে এসে প্রাপ্য সেবাটুকু পায়—এ জন্য সরকার নানা পদক্ষেপ নিচ্ছে।
আজ শনিবার তিনি মানিকগঞ্জের সিঙ্গাইর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন। পরে সিঙ্গাইর পৌরসভার আয়োজনে মশকনিধন ও পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন।
মন্ত্রী জানান, সাধারণ মানুষ যেন সরকারি হাসপাতালে কোনো ধরনের হয়রানির শিকার না হন, সেটি নিশ্চিত করার জন্য হাসপাতালগুলোতে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদেরও দায়িত্বশীলভাবে কাজ করতে হবে। অনেক ক্ষেত্রে ওষুধ সরবরাহে দুর্নীতি, রোগীদের জন্য বরাদ্দকৃত খাবার ঠিকমতো না দেওয়া এবং চিকিৎসক ও নার্সদের সময়মতো উপস্থিত না থাকার মতো অভিযোগ পাওয়া যায়। এসব অনিয়ম ও অব্যবস্থাপনা নিয়ন্ত্রণে কাজ করা হচ্ছে এবং দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, উপজেলা পর্যায়ের হাসপাতালগুলোকে আরও শক্তিশালী করা হচ্ছে যাতে গ্রামের সাধারণ মানুষ উন্নত স্বাস্থ্যসেবা পায়। এজন্য প্রয়োজনীয় জনবল ও চিকিৎসা সরঞ্জাম ধীরে ধীরে বাড়ানো হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা খায়রুন্নাহার, সহকারী কমিশনার (ভূমি) হাবিল উদ্দিন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা রাফসান রেজা, সিঙ্গাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজাহারুল ইসলাম, হাসপাতালের চিকিৎসক ও নার্সসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।
সিএ/এমই


