রমজান মাসে ইফতারের টেবিলে নানা খাবারের সঙ্গে শেরপুরে বিশেষ কদর রয়েছে একটি ঐতিহ্যবাহী মিষ্টির—মাষকলাইয়ের আমিত্তি। ঝাল ও ভাজাপোড়া খাবারের পাশাপাশি এই মিষ্টি রোজাদারদের ইফতারে ভিন্ন স্বাদ যোগ করে। ফলে রমজান এলেই শেরপুর শহরের ঘোষপট্টির মিষ্টির দোকানগুলোয় আমিত্তির চাহিদা বেড়ে যায় কয়েক গুণ।
খুরমা, খেজুর, লাচ্ছি, বোরহানি, কলা, মুড়ি, পেঁয়াজু, লাড্ডু কিংবা বুন্দিয়ার মতো পরিচিত ইফতারির মাঝেও মাষকলাইয়ের আমিত্তি শেরপুরের মানুষের কাছে আলাদা জনপ্রিয়তা পেয়েছে। বিকেলের পর থেকেই শহরের মুন্সিবাজার ঘোষপট্টির মিষ্টির দোকানগুলোয় এ মিষ্টি কিনতে ক্রেতাদের ভিড় দেখা যায়।
যেভাবে তৈরি হয়
মাষকলাইয়ের আমিত্তি তৈরির প্রধান উপকরণ মাষকলাইয়ের ডাল। এর সঙ্গে ব্যবহার করা হয় আতপ চালের গুঁড়া। শেরপুর শহরের মুন্সিবাজার ঘোষপট্টির দুর্গাচরণ মিষ্টান্ন ভান্ডারের মালিক সঞ্জয় চন্দ্র ঘোষ জানান, প্রথমে কাঁচা মাষকলাইয়ের ডাল কয়েক ঘণ্টা পানিতে ভিজিয়ে রেখে ভালোভাবে বেটে নেওয়া হয়। এরপর তাতে পরিমাণমতো আতপ চালের গুঁড়া মিশিয়ে একটি মিশ্রণ তৈরি করা হয়।
এই মিশ্রণ বিশেষ ছাঁচে ঢেলে কাঁচা আমিত্তির আকার দেওয়া হয় এবং তেলে ভেজে নেওয়া হয়। পরে ভাজা আমিত্তি চিনির তৈরি শিরায় কিছুক্ষণ ভিজিয়ে রাখা হয়। এভাবেই তৈরি হয় মাষকলাইয়ের আমিত্তি।
শত বছরের ঐতিহ্য
মিষ্টি ব্যবসায়ীদের মতে, প্রায় ১০০ থেকে ১৫০ বছর ধরে শেরপুরে মাষকলাইয়ের আমিত্তি তৈরি হয়ে আসছে। আগে মূলত শরৎকালে এবং সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গোৎসব ও ভাইফোঁটা উৎসবে এই মিষ্টি বানানো হতো। তবে সময়ের সঙ্গে সঙ্গে রোজাদারদের চাহিদা বাড়ায় স্বাধীনতার পর থেকে রমজান মাসেও এটি তৈরি ও বিক্রি শুরু হয়। বর্তমানে পুরো রমজানজুড়েই ঘোষপট্টির দোকানগুলোয় আমিত্তি বানানো হয়।
শেরপুর শহরের ঘোষপট্টির দুর্গাচরণ মিষ্টান্ন ভান্ডার, রাজবল্লভ মিষ্টান্ন ভান্ডার, নন্দ গোপাল মিষ্টান্ন ভান্ডার, প্রেমানন্দ গ্র্যান্ড সন্স ও শ্রীকৃষ্ণ মিষ্টান্ন ভান্ডারসহ বিভিন্ন দোকানে এ মিষ্টি পাওয়া যায়। বর্তমানে প্রতি কেজি আমিত্তি বিক্রি হচ্ছে প্রায় ২০০ টাকায়। ব্যবসায়ীরা জানান, রমজান মাসে প্রতিদিন প্রায় ৪০০ থেকে ৫০০ কেজি পর্যন্ত আমিত্তি বিক্রি হয়।
শহরের সবজরখিলা মহল্লার গৃহিণী তাহমিনা বেগম বলেন, ‘মাষকলাইয়ের আমিত্তি খুবই সুস্বাদু। রমজানে ইফতারের টেবিলে এটি বাড়তি আকর্ষণ যোগ করে। তাই প্রায় প্রতিদিনই আমরা ইফতারে অন্যান্য খাবারের সঙ্গে এটি রাখি।’
শেরপুর জন উদ্যোগের আহ্বায়ক ও শিক্ষক আবুল কালাম আজাদ বলেন, ইফতারে মাষকলাইয়ের আমিত্তি রোজাদারদের কাছে বেশ জনপ্রিয়। তাই তাঁর বাসা ও বিভিন্ন সামাজিক আয়োজনের ইফতার মাহফিলেও এই ঐতিহ্যবাহী মিষ্টি রাখা হয়।
সিএ/এমই


