টাঙ্গাইলের মির্জাপুরে একটি মাটিবোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে স্থানীয় একটি ঘরে ঢুকে পড়ে। এতে ঘুমন্ত নাজিম উদ্দিন (৭০) নামের এক বৃদ্ধ ঘটনাস্থলেই মারা গেছেন। দুর্ঘটনা ঘটে গতকাল শুক্রবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে উপজেলার বানাইল ইউনিয়নের পাঁচচামারী এলাকায়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পাকুল্যা-লাউহাটী সড়ক দিয়ে পশ্চিম দিকে যাচ্ছিল ট্রাকটি। পাঁচচামারী এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারান। ট্রাকটি রাস্তার পাশের একটি টিনের ঘরের একটি পাশ ভেঙে সামনের আধা-পাকা ঘরের দেয়ালে গিয়ে থামে। ওই সময় ওই টিনের ঘরে ঘুমিয়ে ছিলেন নাজিম উদ্দিন। ট্রাকটি ঘরের বেড়া ভেঙে খাটের ওপর উঠে গেলে তিনি ঘটনাস্থলেই নিহত হন।
স্থানীয়রা খবর পেয়ে পুলিশকে অবগত করেন। পুলিশ ট্রাকটি জব্দ করেছে এবং নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল মামুন বলেন, ‘দুর্ঘটনার পর ট্রাকের চালক পালিয়ে গেছেন। তাঁকে আটক করা হবে এবং অবৈধভাবে মাটি কাটার সঙ্গে জড়িত ব্যক্তিদেরও শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
সিএ/এমই


