চট্টগ্রামের মিরসরাইয়ে ঢাকা–চট্টগ্রাম মহাসড়কে চলন্ত একটি কাভার্ড ভ্যানে আগুন লাগার ঘটনা ঘটেছে। রোববার (৮ ফেব্রুয়ারি) ভোরে উপজেলার বারিয়ারহাট পৌর বাজারের দক্ষিণ ইউটার্ন এলাকায় এই অগ্নিকাণ্ড ঘটে। এতে কোনো হতাহতের ঘটনা না ঘটলেও ভ্যানে বহন করা পণ্যের প্রায় অর্ধেক পুড়ে গেছে। আগুন নেভানোর সময় মহাসড়কের দুই পাশে প্রায় আধা ঘণ্টা যানবাহন চলাচল বন্ধ ছিল।
হাইওয়ে পুলিশ, ফায়ার সার্ভিস ও প্রত্যক্ষদর্শীরা জানান, কাভার্ড ভ্যানটি চট্টগ্রাম বন্দর থেকে মশা মারার বৈদ্যুতিক ব্যাট নিয়ে নারায়ণগঞ্জের দিকে যাচ্ছিল। সকাল ছয়টার দিকে ঢাকামুখী লেনে চলার সময় হঠাৎ গাড়িটিতে আগুন ধরে যায়। পরিস্থিতি বুঝতে পেরে চালক দ্রুত গাড়ি থেকে নেমে যান এবং কাছেই থাকা ফায়ার সার্ভিস স্টেশনে গিয়ে বিষয়টি জানান।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করেন। প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এতে কাভার্ড ভ্যানের ইঞ্জিনসহ সামনের অংশ এবং ভেতরে থাকা মালামালের একটি বড় অংশ ক্ষতিগ্রস্ত হয়।
দুর্ঘটনাকবলিত গাড়িটির চালক মো. শামসুল হক বলেন, ‘কাভার্ড ভ্যানটিতে চট্টগ্রাম বন্দর দিয়ে আমদানি করা সাত হাজার পিস মশা মারা বৈদ্যুতিক ব্যাট ছিল। এসব ব্যাট নিয়ে নারায়ণগঞ্জে যাওয়ার সময় গাড়ির গ্যাসের নজলে আগুন ধরে যায়। পরে তা গাড়িতে ছড়িয়ে পড়ে। আগুনে সব মিলিয়ে ২৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।’
বারিয়ারহাট ফায়ার সার্ভিস স্টেশনের জ্যেষ্ঠ কর্মকর্তা জয়নাল আবেদীন জানান, ঘটনার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ যাচাই করে দেখা হচ্ছে। জোরারগঞ্জ হাইওয়ে থানার সহকারী উপপরিদর্শক মাইকেল দাস বলেন, মহাসড়কের ওপর পানির পাইপ রেখে আগুন নেভানোর কাজ করতে হয়েছে। এ কারণে কিছু সময় যান চলাচল বন্ধ থাকলেও পরে পরিস্থিতি স্বাভাবিক হয়।
সিএ/এমই


