বগুড়া-৬ সদর আসনের উপ-নির্বাচনে ভোটগ্রহণ শুরুর আড়াই ঘণ্টার মধ্যেই ভোটার উপস্থিতি তুলনামূলক কম দেখা গেছে। সকাল সাড়ে ৭টা থেকে ১০টা পর্যন্ত সময়ে মোট ৭ দশমিক ২৩ শতাংশ ভোট পড়েছে বলে জানিয়েছে জেলা নির্বাচন কার্যালয়।
ভোটগ্রহণের শুরুতেই বিভিন্ন কেন্দ্রে ভোটারদের উপস্থিতি কম থাকলেও সময় বাড়ার সঙ্গে সঙ্গে অংশগ্রহণ বাড়বে বলে আশা করছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
নির্বাচনে অংশ নেওয়া প্রার্থীদের মধ্যে বিএনপির প্রার্থী রেজাউল করিম বাদশা সকাল ৮টার দিকে শহরের একটি কেন্দ্রে ভোট দেন। অন্যদিকে জামায়াত সমর্থিত প্রার্থী আবিদুর রহমান সোহেলও দিনের শুরুতেই নিজের ভোটাধিকার প্রয়োগ করেন।
নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। দায়িত্ব পালন করছেন বিচারিক ও নির্বাহী ম্যাজিস্ট্রেটসহ বিপুলসংখ্যক কর্মকর্তা। পাশাপাশি পুলিশ, আনসার, বিজিবি, র্যাব ও সেনাবাহিনীর সদস্যরা মাঠে রয়েছেন।
মোট ১৫১টি কেন্দ্রের মধ্যে ৫৩টিকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে এবং কয়েকটি কেন্দ্রে বিশেষ নিরাপত্তা জোরদার করা হয়েছে।
এই আসনে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৫০ হাজার ৩০৭ জন। এর মধ্যে পুরুষ, নারী ও হিজড়া ভোটার রয়েছেন। পৌরসভা ও ইউনিয়ন মিলিয়ে গঠিত এই আসনে শতাধিক কেন্দ্রে ভোটগ্রহণ চলছে।
নির্বাচন কর্মকর্তারা জানিয়েছেন, আবহাওয়ার প্রভাবের কারণে সকালবেলা উপস্থিতি কম হলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটার উপস্থিতি বাড়তে পারে।
সিএ/এমআর


