কক্সবাজার সমুদ্রসৈকতে অনুষ্ঠিত ৮ম জাতীয় সার্ফিং টুর্নামেন্ট শেষ হয়েছে নতুন সম্ভাবনার বার্তা দিয়ে। দেশের শীর্ষ ৭০ জন সার্ফারের অংশগ্রহণে আয়োজিত এই প্রতিযোগিতা থেকে নির্বাচিত বিজয়ীরা জাপানে অনুষ্ঠিতব্য এশিয়ান গেমসে অংশ নেওয়ার সুযোগ পাচ্ছেন।
পুরুষ বিভাগে চ্যাম্পিয়ন হয়েছেন মোহাম্মদ মান্নান এবং নারী বিভাগে শিরোপা জিতেছেন ফাতেমা আক্তার। তারা এখন আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে প্রস্তুত।
দীর্ঘ ১২ বছরের অনুশীলন ও সংগ্রামের মাধ্যমে এই অবস্থানে পৌঁছেছেন মান্নান। এবারের প্রতিযোগিতা সম্পর্কে তিনি বলেন, আগের যেকোনো সময়ের তুলনায় এবারের ৮ম জাতীয় সার্ফিং টুর্নামেন্ট ছিল আরও সুশৃঙ্খল ও উন্নত আয়োজন।
তিনি বলেন, ‘সার্ফিংয়ে ঢেউটাই আসল। এবারের সার্ফিং টুর্নামেন্টের সময় নির্বাচনটা ছিল একদম সঠিক সময়ে। শুরু থেকে শেষ পর্যন্ত দারুণ ঢেউ পেয়েছি। যা আমাদের পারফরম্যান্সে বড় ভূমিকা রেখেছে।’
নারী বিভাগে চ্যাম্পিয়ন ফাতেমা আক্তারও নিজের সাফল্যে আশাবাদী। কক্সবাজারের ঘোনারপাড়ার এই তরুণী সার্ফিংকে দেশের জনপ্রিয় খেলায় পরিণত করতে চান।
আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণের অভিজ্ঞতা তার আত্মবিশ্বাস বাড়িয়েছে। এখন তার লক্ষ্য বিশ্বমঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্ব করা।
তবে খেলোয়াড়দের উন্নয়নে এখনও কিছু সীমাবদ্ধতা রয়েছে। আর্থিক সহায়তা, মানসম্মত সরঞ্জাম ও আন্তর্জাতিক মানের প্রশিক্ষণের অভাব বড় চ্যালেঞ্জ হিসেবে দেখা দিচ্ছে।
বাংলাদেশ সার্ফিং অ্যাসোসিয়েশনের কর্মকর্তারা জানিয়েছেন, এশিয়ান গেমসকে সামনে রেখে খেলোয়াড়দের বিদেশে প্রশিক্ষণের উদ্যোগ নেওয়া হচ্ছে, যাতে তারা বড় ঢেউয়ের সঙ্গে মানিয়ে নিতে পারে।
বিশেষজ্ঞদের মতে, কক্সবাজারের দীর্ঘ সমুদ্রসৈকত ও তরুণদের আগ্রহকে কাজে লাগাতে পারলে সার্ফিং বাংলাদেশের একটি সম্ভাবনাময় ক্রীড়া খাতে পরিণত হতে পারে।
সিএ/এমআর


