বরিশাল সিটি করপোরেশনের সাবেক প্যানেল মেয়র ও আওয়ামী লীগ নেতা এনামুল হক বাহার ও তার লোকদের বিরুদ্ধে চার যুবককে কুপিয়ে ও পিটিয়ে জখম করার অভিযোগ উঠেছে। শনিবার (৪ এপ্রিল) সন্ধ্যায় বরিশাল মহানগরীর সাগরদী বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
রোববার (৫ এপ্রিল) দুপুরে কোতয়ালী মডেল থানা পুলিশ বিষয়টি নিশ্চিত করেছে। আহতরা হলেন মামুন হাওলাদার, মাসুম হাওলাদার, উজ্জল হাওলাদার ও সুমন হাওলাদার। তাদের বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
অভিযুক্ত এনামুল হক বাহার সাবেক কাউন্সিলর ও সাবেক প্যানেল মেয়র। জুলাই অভ্যুত্থান পরবর্তী একাধিক মামলার আসামি হিসেবে কারাগারে ছিলেন। সম্প্রতি জামিনে মুক্ত হয়েছেন। আহতরা জানান, ‘এনামুল হক বাহারের সঙ্গে জমি নিয়ে পূর্ব বিরোধ রয়েছে। ক্ষমতার প্রভাবে তিনি জমি দখল করেছিলেন, যার কারণে বিরোধ তৈরি হয়।’
কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আল মামুন উল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ রাতেই হাসপাতাল ও ঘটনাস্থলে পাঠানো হয়েছিল। জমি সংক্রান্ত বিরোধের কারণে এ ঘটনা ঘটেছে। মামলার প্রক্রিয়া চলছে।
সিএ/এমআর


