প্রধানমন্ত্রীর জনপ্রশাসন উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ বলেছেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাসনামলে খাল খননের মাধ্যমে কৃষিতে যে অগ্রগতি হয়েছিল, বর্তমান সরকারও সেই ধারাবাহিকতা বজায় রেখে খাল খনন কর্মসূচির মাধ্যমে কৃষিতে নতুন বিপ্লব ঘটাতে চায়। বৃহস্পতিবার (২ এপ্রিল) সকালে ফরিদপুরের ভাঙ্গা উপজেলার রশিবপুরা দাখিল মাদ্রাসা মাঠে ৬ কিলোমিটার খাল পুনর্খনন কর্মসূচির উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।
উপদেষ্টা বলেন, আগামী পাঁচ বছরে দেশব্যাপী প্রায় ২০ হাজার কিলোমিটার খাল খনন করা হবে। এর ফলে নদী-নালা ও খাল-বিলে পানির প্রবাহ বৃদ্ধি পাবে, যা কৃষিতে ইতিবাচক পরিবর্তন আনবে। বিশেষ করে ফরিদপুর অঞ্চলে পাট ও পেঁয়াজ চাষে কৃষকরা উল্লেখযোগ্য সাফল্য অর্জন করবেন বলে আশা প্রকাশ করেন তিনি।
এই প্রকল্পের আওতায় ভাঙ্গা উপজেলার শরিফাবাদ এলাকার হ্যালোন ফকিরের বাড়ি সংলগ্ন খালটি কুমার নদ পর্যন্ত পুনর্খনন করা হচ্ছে। পাশাপাশি ঘারুয়া ইউনিয়নের রশিবপুরা থেকে মক্রমপট্টি পর্যন্ত খাল খনন কার্যক্রমের উদ্বোধন করা হয়।
একই দিন দুপুরে ফরিদপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন ইসমাইল জবিউল্লাহ। সেখানে তিনি বলেন, জ্বালানি সংকট একটি বৈশ্বিক সমস্যা হলেও দেশে পর্যাপ্ত মজুত রয়েছে এবং সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক রয়েছে। এপ্রিল মাসে জ্বালানি তেলের দাম বৃদ্ধি করা হবে না বলেও জানান তিনি। সরকার ভর্তুকির মাধ্যমে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখবে, যাতে সাধারণ মানুষের ওপর অতিরিক্ত চাপ না পড়ে।
তিনি আরও বলেন, কোনো অসাধু চক্র যাতে কৃত্রিম সংকট তৈরি করতে না পারে সে বিষয়ে প্রশাসনকে কঠোর নজরদারি রাখতে হবে।
মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক কামরুল হাসান মোল্লা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বাবুল, ফরিদপুর-৩ আসনের সংসদ সদস্য নায়াব ইউসুফ আহমেদ, জেলা পরিষদের প্রশাসক আফজাল হোসেন খান পলাশ এবং পুলিশ সুপার নজরুল ইসলাম।
দুপুরে ফরিদপুর মিশন হাউসে ‘ফরিদপুর হেরিটেজ’ নামের একটি সংগঠনের আত্মপ্রকাশ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন ইসমাইল জবিউল্লাহ। সংগঠনটি ফরিদপুরের ইতিহাস, ঐতিহ্য, খ্যাতিমান ব্যক্তিত্বদের স্মৃতি, দুষ্প্রাপ্য আলোকচিত্র ও গ্রন্থ সংরক্ষণ এবং গবেষণার কাজ করবে। অতিথিরা প্রদর্শনী ঘুরে দেখেন এবং নামফলক উন্মোচন করেন।
পরে বিকেলে ফরিদপুর শিশু একাডেমি মিলনায়তনে পল্লকবি জসীম উদ্দীনের ৫০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে মফিজ ইমাম মিলনের লেখা ‘মৃত্যুঞ্জয়ী জসীম উদ্দীন’ গ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়। অনুষ্ঠানে অতিথিরা কবির জীবন ও কর্ম নিয়ে আলোচনা করেন এবং তার সাহিত্য পাঠের ওপর গুরুত্বারোপ করেন। শিশু একাডেমির খুদে শিল্পীরা কবিতা আবৃত্তি ও সংগীত পরিবেশন করে অনুষ্ঠানে অংশ নেয়।
সিএ/এএ


