নদীতে টাকার বস্তা ভাসছে—এমন একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা ও কৌতূহল তৈরি হয়েছে। ছবিটি সত্য নাকি কৃত্রিম—এ নিয়ে বিভ্রান্তিতে পড়েন অনেকেই।
ছবিতে দেখা যায়, কাদাযুক্ত পানিতে কয়েকটি বস্তা ভাসছে, যেখানে একশ, পাঁচশ ও এক হাজার টাকার নোট রয়েছে বলে দাবি করা হয়। পাশাপাশি বস্তাগুলোর পাশে পানিতে কিছু ময়লাও ভাসতে দেখা যায়।
সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবিটি শেয়ার করে কাদের চৌধুরী নামের এক ব্যবসায়ী নিজের ফেসবুক ওয়ালে ক্যাপশনে লেখেন, চট্টগ্রামের পলাতক ব্যাংক লুটেরাদের রাজনৈতিক নেতাদের কয়েকজনের বাড়ি চট্টগ্রামে। তিনি ধারণা প্রকাশ করেন, টাকা লুকাতে না পেরে তারা তা নদীতে ফেলে দিয়েছেন। পরে তিনি জানান, এই বিশ্বাস থেকেই তিনি ছবিটি শেয়ার করেছেন।
তবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিষয়টি ভিন্নভাবে ব্যাখ্যা করেছে। কর্ণফুলী নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান জানান, ছবিটি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি করা হয়েছে এবং এর কোনো বাস্তব ভিত্তি নেই।
তিনি আরও বলেন, এ ধরনের ভুয়া ও বিভ্রান্তিকর তথ্য ছড়ানো অপরাধের শামিল। তার ভাষায়, ‘এটি একটি অপরাধ। সকাল থেকে আমাদের একটি সময় এ ধরনের ভিত্তিহীন বিষয় নিয়ে ব্যয় করতে হয়েছে।’
সিএ/এএ


