পিরোজপুরে হারিয়ে যাওয়া ২০টি মোবাইল ফোন এবং প্রতারণার মাধ্যমে হাতিয়ে নেওয়া বিকাশের ২০ হাজার টাকা উদ্ধার করে প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করেছে পুলিশ। বুধবার (১ এপ্রিল) এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেন পিরোজপুরের পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকী।
জেলা পুলিশের আইসিটি অ্যান্ড মিডিয়া (সাইবার পেট্রোলিং) শাখার উদ্যোগে তথ্যপ্রযুক্তির সহায়তায় এ উদ্ধার অভিযান পরিচালনা করা হয়। বিভিন্ন থানায় দায়ের করা হারানো মোবাইল সংক্রান্ত সাধারণ ডায়েরি এবং বিকাশ প্রতারণার জিডি পর্যালোচনা করে দেশের বিভিন্ন স্থান থেকে এসব মোবাইল ও টাকা উদ্ধার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, উদ্ধার হওয়া মোবাইল ফোনের মধ্যে পিরোজপুর সদর উপজেলা থেকে ৪টি, ইন্দুরকানী থেকে ১টি, মঠবাড়িয়া থেকে ৫টি, নাজিরপুর থেকে ৫টি, নেছারাবাদ থেকে ৩টি, ভাণ্ডারিয়া থেকে ১টি এবং কাউখালী থেকে ১টি মোবাইল ফোন রয়েছে।
এ ছাড়া বিকাশ প্রতারণার ঘটনায় দায়ের করা জিডির ভিত্তিতে হাতিয়ে নেওয়া ২০ হাজার টাকা উদ্ধার করে ভুক্তভোগীর কাছে ফিরিয়ে দেওয়া হয়েছে।
মোবাইল ফোন ও টাকা ফিরে পেয়ে ভুক্তভোগীরা জেলা পুলিশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। পুলিশ জানিয়েছে, ভবিষ্যতেও এ ধরনের উদ্ধার কার্যক্রম অব্যাহত থাকবে।
সিএ/এএ


