ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় পৃথক স্থান থেকে দুই যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১ এপ্রিল) বিষয়টি নিশ্চিত করেন নবীনগর থানার ওসি (তদন্ত) রাজীব কান্তি নাথ।
নিহতদের মধ্যে আশিক বর্মন (১৬) নবীনগর পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের গোপীনাথপুর মনতলা গ্রামের বাসিন্দা বাদল বর্মনের ছেলে। অন্যজন আতিক ইসলাম (১৯), তিনি উপজেলার মহেশপুর গ্রামের মো. খলিল মিয়ার ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আশিক বর্মন পেশায় ইজিবাইকচালক ছিলেন। মঙ্গলবার রাতে জরুরি কাজের কথা বলে বাড়ি থেকে বের হন, কিন্তু আর ফিরে আসেননি। পরদিন সকালে তার বাড়ির পাশের একটি আমগাছে ঝুলন্ত অবস্থায় মরদেহ দেখতে পান স্বজনরা।
অন্যদিকে আতিক ইসলাম ঈদুল ফিতরের পর থেকেই নিখোঁজ ছিলেন। দীর্ঘ সময় খোঁজাখুঁজির পর বুধবার সকালে তার বাড়ির পাশের একটি পুকুরে ভাসমান মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে।
এ ঘটনায় আশিক বর্মনের পিতা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
নবীনগর থানার ওসি (তদন্ত) রাজীব কান্তি নাথ বলেন, ‘পৃথক পৃথক জায়গা থেকে দুইটি যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।’
সিএ/এএ


