শবে কদরের ছুটি মঙ্গলবার ১৭ মার্চ। এর পরদিন থেকেই শুরু হচ্ছে ঈদের ছুটি। প্রিয়জনদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে আগেভাগেই রাজধানী ঢাকা ছাড়তে শুরু করেছেন ঘরমুখো মানুষ।
সোমবার ১৬ মার্চ সকাল থেকেই রাজধানীর গাবতলী ও মহাখালী বাস টার্মিনাল থেকে দেশের বিভিন্ন গন্তব্যে যাত্রা শুরু করেছেন যাত্রীরা। সকাল থেকেই টার্মিনালগুলোতে বাড়ি ফেরার অপেক্ষায় মানুষের উপস্থিতি লক্ষ্য করা গেছে।
তবে যাত্রাপথে বাড়তি ভাড়া নেওয়ার অভিযোগও তুলেছেন অনেক যাত্রী। তাদের অভিযোগ, নির্ধারিত ভাড়ার তুলনায় প্রায় ১০০ টাকা পর্যন্ত বেশি নেওয়া হচ্ছে। তবুও পরিবারের সঙ্গে ঈদ উদ্যাপনের আনন্দে অনেকেই এসব বিষয় খুব একটা গুরুত্ব দিচ্ছেন না।
যাত্রীদের নিরাপদ ও নির্বিঘ্ন যাত্রা নিশ্চিত করতে বাস টার্মিনাল এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়েছে। তাদের উপস্থিতিতে যাত্রীদের মধ্যে কিছুটা স্বস্তি দেখা গেছে।
অন্যদিকে সকাল থেকে কমলাপুর রেলস্টেশনে তুলনামূলক কম ভিড় দেখা গেছে। সকালবেলার ট্রেনগুলো নির্ধারিত সময়েই ছেড়ে গেছে বলে জানিয়েছেন যাত্রীরা। সময়মতো যাত্রা শুরু করতে পেরে সন্তুষ্টিও প্রকাশ করেছেন অনেকে।
সব মিলিয়ে দীর্ঘ কর্মব্যস্ততার পর ঈদের ছুটি ঘিরে পরিবারের কাছে ফিরতে পেরে আনন্দিত নগরবাসী।
সিএ/এমআর


