সারা দেশে আইনশৃঙ্খলা রক্ষায় বাংলাদেশ পুলিশের সক্ষমতা বাড়াতে ৪ হাজার সাব-ইন্সপেক্টর (এসআই) পদ সৃষ্টির প্রস্তাব নিয়ে আজ বৈঠকে বসছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
মন্ত্রণালয় থেকে ৮ মার্চ জারি করা এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, মঙ্গলবার (১০ মার্চ) দুপুর ২টায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এ পর্যালোচনা বৈঠক অনুষ্ঠিত হবে। এতে সভাপতিত্ব করবেন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশ পুলিশের সাংগঠনিক কাঠামোর অধীনে বিভিন্ন ইউনিটে ৪ হাজার এসআই গ্রেড-১০ (নিরস্ত্র) পদ সৃষ্টির বিষয়ে পুলিশ বিভাগের পাঠানো প্রস্তাব বৈঠকে আলোচনা করা হবে।
দায়িত্ব গ্রহণের পরপরই স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বিভিন্ন স্তরে জনবল সংকট নিরসনের বিষয়টি গুরুত্বের সঙ্গে তুলে ধরেন। পুলিশের জনবল ঘাটতি মোকাবেলার অংশ হিসেবেই এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
এর আগে গত ২৩ ফেব্রুয়ারি মন্ত্রণালয়ের অধীন বিভিন্ন বিভাগের প্রধানদের সঙ্গে অনুষ্ঠিত এক বৈঠকে শূন্য পদ দ্রুত পূরণের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন স্বরাষ্ট্রমন্ত্রী।
এ ছাড়া তিনি কনস্টেবল পদে নিয়োগ প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করার নির্দেশনাও দেন। পরবর্তীতে ২৬ ফেব্রুয়ারি ১৮০টি শূন্য পুলিশ সার্জেন্ট পদে তাৎক্ষণিক নিয়োগের ঘোষণাও দেওয়া হয়।
ইতোমধ্যে কনস্টেবল ও পুলিশ সার্জেন্ট পদের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে এবং উভয় পদের জন্য আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে।
কর্মকর্তাদের মতে, অতিরিক্ত সাব-ইন্সপেক্টর নিয়োগ দেওয়া হলে বাংলাদেশ পুলিশের কার্যক্রম আরও শক্তিশালী হবে এবং সারা দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নত রাখতে তা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
সিএ/এমআর


