ফরিদপুরের ভাঙ্গায় ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের তাড়াইল এলাকায় শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) দুপুর ৩টার দিকে দুটি যাত্রীবাহী বাস ওভারটেকিং করতে গিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। দুর্ঘটনার সময় একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় এবং এতে ১০ জন যাত্রী আহত হন।
প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা থেকে ছেড়ে আসা গোল্ডেন লাইন পরিবহনের দুটি বাস একে অপরকে ওভারটেক করার সময় সংঘর্ষ ঘটে। দুর্ঘটনার পর ভাঙ্গা ও শিবচর হাইওয়ে থানার পুলিশ আহতদের উদ্ধার করে এবং দুর্ঘটনাগ্রস্ত বাস দুটি সড়ক থেকে সরিয়ে নেয়।
ঘটনার কিছু ঘণ্টা পর বিকেল সাড়ে ৪টার দিকে বরিশাল-ফরিদপুর মহাসড়কের ভাঙ্গা উপজেলার পূর্ব সদরদী এলাকায় ফরিদপুরগামী একটি ট্রাকের সামনের টায়ার পাংচার হয়ে খাদের মধ্যে উল্টে যায়। গ্যাস সিলিন্ডার ভর্তি ট্রাকটি খাদে পড়লেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তবে গ্যাসের সিলিন্ডারগুলো খাদে পড়ে থাকতে দেখা যায়।
ভাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল আলিম জানান, দুর্ঘটনার পর সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।
সিএ/এএ


