বসন্তের রঙ, নিখুঁত শৃঙ্খলা আর আধুনিকতার অনন্য সমন্বয়ে জাপান যেন এক ভিন্ন জগত। বিশ্বের নানা দেশে বসন্ত দেখা হলেও জাপানের সাকুরা উৎসব ও নাগরিক জীবনের ছন্দ ভ্রমণপিপাসুদের জন্য তৈরি করে এক অন্যরকম অভিজ্ঞতা। সম্প্রতি জাপান সফরের অভিজ্ঞতায় দেশটির সৌন্দর্য, সংস্কৃতি ও মানুষের জীবনযাত্রার নানা দিক তুলে ধরেছেন ভ্রমণকারী জুনায়েদ আজীম চৌধুরী।
ঢাকা থেকে কয়েক ঘণ্টার যাত্রা শেষে জাপানে পৌঁছানোর পরই চোখে পড়ে সময়নিষ্ঠ এক সমাজব্যবস্থা। নারিতা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে নির্ধারিত সময়েই ট্রেন ছাড়ে, রাস্তায় যানবাহন চলে নিখুঁত নিয়ম মেনে, আর ব্যস্ত নগর টোকিওতে মানুষের চলাফেরাও যেন ছন্দবদ্ধ।
ভ্রমণকারীর বর্ণনায় উঠে এসেছে, জাপানে পথ হারানোর ভয় খুব কম। শহরের রাস্তা, মেট্রো স্টেশন ও গণপরিবহনের নির্দেশনাগুলো এতটাই সহজ ও সুসংগঠিত যে মোবাইলের মানচিত্রই হয়ে ওঠে নির্ভরযোগ্য পথপ্রদর্শক। তবে জাপান ভ্রমণে হাঁটার অভিজ্ঞতা সবচেয়ে বেশি মনে রাখার মতো বলেও উল্লেখ করা হয়েছে।
টোকিওর ব্যস্ততার মাঝেই বসন্তের রঙে মোড়া উইনো পার্ক ভ্রমণকারীর মনে আলাদা ছাপ ফেলেছে। ঝরে পড়া সাকুরার পাপড়ি, রঙিন টিউলিপ আর শান্ত পরিবেশ যেন পুরো এলাকাকে রূপ দিয়েছে এক নীরব উৎসবে। একই সঙ্গে আসাকুসা এলাকার সরু গলি, পুরোনো দোকানপাট ও সানসো-জি মন্দিরের আবহও তুলে ধরে জাপানের ঐতিহ্যবাহী রূপ।
রাত নামার পর টোকিওর রঙিন নিয়ন আলো, শিবুইয়া ক্রসিংয়ের ব্যস্ততা এবং টোকিও স্কাইট্রি ও টোকিও টাওয়ারের ঝলমলে দৃশ্য শহরটির আধুনিক রূপকে আরও স্পষ্ট করে তোলে। শিবুইয়া ক্রসিংয়ে একসঙ্গে শত শত মানুষের রাস্তা পার হওয়ার দৃশ্যকে শহরের নিজস্ব ছন্দ হিসেবে বর্ণনা করা হয়েছে।
জাপানের চিবা অঞ্চলের আকিবোনোয়িমা অ্যাগ্রিকালচারাল পার্কও ভ্রমণকারীর অভিজ্ঞতায় বিশেষ স্থান পেয়েছে। ডাচ ধাঁচের উইন্ডমিল, টিউলিপ ফুলের মাঠ আর প্রকৃতির শান্ত পরিবেশ জায়গাটিকে যেন পোস্টকার্ডের ছবির মতো করে তুলেছে।
ভ্রমণের সময় জাপানি শিশুদের প্রকৃতিনির্ভর শিক্ষাব্যবস্থাও নজর কাড়ে। বিভিন্ন পার্ক, পাহাড়ি পথ ও ফুলবাগানে শিক্ষকদের সঙ্গে শিশুদের ঘুরে বেড়ানো দেখে বোঝা যায়, দেশটিতে পাঠ্যবইয়ের বাইরে প্রকৃতির মধ্যেও শিক্ষা কার্যক্রম পরিচালিত হয়।
পরে সফরের গন্তব্য হয় মাউন্ট ফুজি। বৃষ্টিভেজা আবহাওয়া কাটিয়ে হঠাৎ সূর্যের আলোয় ফুজিকে দেখা ভ্রমণকারীর কাছে ছিল বিস্ময়কর অভিজ্ঞতা। কাওয়াগুচিকো, চুরেতো প্যাগোডা ও ওশিনো হাক্কাই এলাকার প্রাকৃতিক সৌন্দর্যও বিশেষভাবে মুগ্ধ করেছে তাঁকে।
জাপানের দ্রুতগতির বুলেট ট্রেন সফরেও উঠে এসেছে প্রযুক্তির উৎকর্ষ। ঘণ্টায় ৩০০ কিলোমিটারের বেশি গতিতে ছুটে চলা ট্রেন অল্প সময়েই টোকিও থেকে ওসাকায় পৌঁছে দেয় যাত্রীদের। ওসাকার দোতনবাড়ি এলাকার নিয়ন আলো, খাবারের দোকান আর জমজমাট পরিবেশ শহরটির ভিন্ন এক রূপ তুলে ধরে।
শেষ পর্যায়ে কিয়োটোর ঐতিহ্যবাহী সৌন্দর্যও স্থান পেয়েছে এই ভ্রমণ বর্ণনায়। কিনকাকুজি, গিনকাকুজি, কিয়োমিজু-ডেরা, ফুশিমি ইনারি তাইশা ও আরাশিয়ামার বাঁশবন ভ্রমণকারীর কাছে যেন প্রাচীন জাপানের জীবন্ত ইতিহাস হয়ে উঠেছে।
ভ্রমণকারীর ভাষ্য অনুযায়ী, জাপান শুধু একটি পর্যটন গন্তব্য নয়, বরং অনুভবের এক দেশ। পরিচ্ছন্নতা, সময়নিষ্ঠতা, মানুষের ভদ্রতা এবং নিয়মতান্ত্রিক জীবনযাত্রা দেশটিকে অন্যদের থেকে আলাদা করেছে। তাঁর মতে, জাপানে গেলে মানুষ শুধু ঘুরে আসে না, বরং জীবনকে নতুনভাবে দেখার অভিজ্ঞতা নিয়েই ফেরে।
সিএ/এমআর


