পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সিলেট সিটি করপোরেশনের ৮২৭ জন পরিচ্ছন্নতাকর্মীর জন্য ৪১ লাখ ৩৫ হাজার টাকা ঈদ সালামি প্রদান করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। নগরের বর্জ্য ব্যবস্থাপনার সঙ্গে যুক্ত কর্মীদের উৎসাহিত করতে বিশেষ এই অনুদান দেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
রোববার (৭ ডিসেম্বর) বেলা তিনটার দিকে জাতীয় সংসদ ভবনে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে পরিচ্ছন্নতাকর্মীদের জন্য অনুদানের চেক সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরীর হাতে তুলে দেন প্রধানমন্ত্রী। অনুষ্ঠানে স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম এবং স্থানীয় সরকার বিভাগের সচিব মো. শহীদুল হাসানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
পরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান একজন মানবিক নেতা হিসেবে দেশের মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছেন। তিনি সব সময় সাধারণ মানুষের সুখ-দুঃখ উপলব্ধি করেন এবং প্রয়োজনে তাদের পাশে দাঁড়ান। তিনি বলেন, সিলেট নগরবাসীর উন্নয়ন ও কল্যাণের বিষয়েও প্রধানমন্ত্রী অত্যন্ত আন্তরিক এবং নগরকে আধুনিক ও উন্নত হিসেবে গড়ে তুলতে বিভিন্ন সময়ে প্রয়োজনীয় সহযোগিতা ও উৎসাহ দিয়ে আসছেন।
তিনি আরও বলেন, পরিচ্ছন্নতাকর্মীদের ঈদ উদ্যাপন আনন্দমুখর করতে প্রধানমন্ত্রীর এই অনুদান তাঁর মানবিক নেতৃত্বের একটি উদাহরণ। এতে নগরের বর্জ্য ব্যবস্থাপনায় নিয়োজিত কর্মীদের মধ্যে উৎসাহ বাড়বে বলে তিনি আশা প্রকাশ করেন।
পরে আবদুল কাইয়ুম চৌধুরী বলেন, সরকার গঠনের অল্প সময়ের মধ্যেই প্রধানমন্ত্রী একের পর এক মানবিক উদ্যোগ গ্রহণ করে মানুষের প্রশংসা কুড়াচ্ছেন। রাষ্ট্রের সর্বোচ্চ দায়িত্বে থেকেও তিনি সমাজের সব শ্রেণি-পেশার মানুষের কল্যাণ নিয়ে ভাবছেন।
প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্রে জানা গেছে, সিলেট সিটি করপোরেশনের ৮২৭ জন পরিচ্ছন্নতাকর্মীর পাশাপাশি দেশের ১২টি সিটি করপোরেশনে কর্মরত মোট ১৯ হাজার ৩৮১ জন পরিচ্ছন্নতাকর্মীকে ঈদ উপলক্ষে ৫ হাজার টাকা করে অনুদান দেওয়া হয়েছে। পবিত্র ঈদুল ফিতরের আগেই সংশ্লিষ্ট সিটি করপোরেশনের প্রশাসকেরা এই অর্থ পরিচ্ছন্নতাকর্মীদের হাতে তুলে দেবেন।
সিএ/এমই


