বিশ্বজুড়ে মুসলিম উম্মাহর জন্য রহমত, মাগফিরাত ও নাজাতের বার্তা নিয়ে পবিত্র রমজান মাস শুরু হয়েছে। দীর্ঘ সময় পানাহার থেকে বিরত থাকার কারণে এই সময়ে সঠিক খাদ্যাভ্যাস বজায় রাখা অত্যন্ত জরুরি। বিশেষজ্ঞদের মতে, রোজার সময় ভুল খাদ্যাভ্যাস শরীরের ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে।
রোজায় সবচেয়ে বেশি যে খাবারগুলো এড়িয়ে চলা প্রয়োজন, তার মধ্যে ভাজাপোড়া অন্যতম। বাঙালির ইফতারিতে ভাজাপোড়ার জনপ্রিয়তা বেশি হলেও এসব খাবার শরীরের জন্য ক্ষতিকর। দীর্ঘ সময় না খেয়ে থাকার পর অতিরিক্ত তেলে ভাজা খাবার খেলে হজমের সমস্যা, বুকজ্বালা ও অস্বস্তি দেখা দিতে পারে।
ভাজাপোড়া জাতীয় খাবারে অতিরিক্ত তেল, লবণ ও চিনি থাকায় রক্তচাপ ও রক্তের চিনির মাত্রা বেড়ে যাওয়ার ঝুঁকি থাকে। পাশাপাশি ডুবো তেলে ভাজা খাবারে থাকা স্যাচুরেটেড ও ট্রান্সফ্যাট হৃদ্রোগ, স্থূলতা ও টাইপ–২ ডায়াবেটিসের আশঙ্কা বাড়ায়। অনেক ক্ষেত্রে এসব খাবারে ব্যবহৃত কৃত্রিম রং ও কেমিক্যাল দীর্ঘমেয়াদে ক্যানসারের ঝুঁকিও বাড়াতে পারে।
বিশেষজ্ঞরা বলছেন, ইফতারে সহজপাচ্য ও কম তেল-মসলাযুক্ত খাবার বেছে নেওয়াই উত্তম। খেজুর দিয়ে ইফতার শুরু করা, পর্যাপ্ত পানি পান করা এবং ডাবের পানি বা লেবুপানির মতো প্রাকৃতিক পানীয় গ্রহণ শরীরকে দ্রুত সতেজ করতে সহায়ক।
রাতের খাবার ও সাহ্রিতেও ভারী খাবার এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে। লাল আটার রুটি, ভাত, ডাল, সবজি, মাছ, ডিম বা হালকা স্যুপ শরীরের জন্য উপকারী। রোজার পুরো মাস সুস্থভাবে কাটাতে খাদ্যতালিকায় ভারসাম্য ও সংযম বজায় রাখাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।
সিএ/এমআর


