সরকারি প্রাথমিক বিদ্যালয়ে তৃতীয় সাময়িক মূল্যায়ন-২০২৫ চলাকালে কর্মবিরতি বা আন্দোলনে অংশ নেওয়া শিক্ষকদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার পূর্ববর্তী নির্দেশনা বাতিল করেছে প্রাথমিক শিক্ষা অধিদফতর।
নিজস্ব প্রতিবেদক
১ মিনিটে পড়ুন
রোববার (২২ ফেব্রুয়ারি) রাতে জারি করা নতুন স্মারকে প্রাথমিক শিক্ষা অধিদফতর জানায়, একই তারিখে আগে দেওয়া নির্দেশনা বাতিল করা হয়েছে। আগের চিঠিতে তৃতীয় সাময়িক মূল্যায়ন চলাকালে পরীক্ষা গ্রহণ না করে কর্মবিরতি বা আন্দোলনে যুক্ত থাকা শিক্ষকদের বিরুদ্ধে যথাযথ বিভাগীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাদের দেওয়া হয়েছিল।
তবে অধিদফতরের পরিচালক (পলিসি ও অপারেশন) এ. কে. মোহাম্মদ সামছুল আহসানের স্বাক্ষরিত সর্বশেষ চিঠিতে সেই নির্দেশনা সম্পূর্ণভাবে বাতিল করা হয়েছে। নতুন নির্দেশনা জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাদের কাছে প্রেরণ করা হয়েছে এবং বিষয়টি অবহিত করার জন্য বিভাগীয় উপপরিচালক ও মহাপরিচালকের দফতরেও অনুলিপি দেওয়া হয়েছে।
উল্লেখ্য, গতবছর ২৭ নভেম্বর থেকে ৩ ডিসেম্বর পর্যন্ত দেশের ৬৫ হাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষকরা ৩ দফা দাবিতে কর্মবিরতি পালন করেছিলেন। এর ফলে শিক্ষার্থীদের বার্ষিক পরীক্ষাও ব্যাহত হয়।
সিএ/এসএ


