গণ–অভ্যুত্থানের পর পরিত্যক্ত থাকা বরগুনার বেতাগী উপজেলার বুড়া মজুমদার ইউনিয়ন আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ) দলীয় কার্যালয়ে শুক্রবার দুপুরে তালা ভেঙে নিয়ন্ত্রণ নিয়েছেন নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের স্থানীয় নেতা ও কর্মীরা।
স্থানীয় বাসিন্দা ও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও থেকে জানা গেছে, ছাত্রলীগের নেতা–কর্মীরা জাতীয় পতাকা হাতে কার্যালয়ে প্রবেশ করে। এরপর তারা কার্যালয়ের ভেতরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা-এর ছবি টানান। পরে দলীয় কার্যালয়ে পতাকা উত্তোলন ও সাইনবোর্ড ঝুলিয়ে দেন।
এর আগে গত সোমবার বেতাগী পৌর মার্কেট এলাকায় অবস্থিত পরিত্যক্ত দলীয় কার্যালয়ের তালা ভেঙে স্থানীয় ছাত্রলীগ নিয়ন্ত্রণে নেয়। সেখানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও শেখ হাসিনার ছবি টাঙানো হলেও কয়েক ঘণ্টা পর তা ভাঙচুর করে পুড়িয়ে ফেলা হয়।
২০২৪ সালের ৫ আগস্ট গণ–অভ্যুত্থানের পর বেতাগী উপজেলা সদর ও বিভিন্ন ইউনিয়নে আওয়ামী লীগের দলীয় কার্যালয় ভাঙচুর ও তালাবদ্ধ করা হয়। এর পর থেকে স্থানীয় আওয়ামী লীগ নেতা–কর্মীরা আত্মগোপনে ছিলেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর অনেক নেতা–কর্মী আবার প্রকাশ্যে সরব হয়েছেন।
সিএ/এমই


