মৌলভীবাজারের শ্রীমঙ্গলে পিকআপ ভ্যান ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে চালকসহ তিনজন নিহত হয়েছেন। শুক্রবার ( ৫ ডিসেম্বর) দিবাগত রাত সোয়া একটার দিকে ঢাকা-সিলেট আঞ্চলিক মহাসড়কের শ্রীমঙ্গল উপজেলার ভৈরববাজারের শেষ সীমানা ও মৌলভীবাজার শহরের প্রবেশমুখে শাহপুর সিনেমা হল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, শুক্রবার ( ৫ ডিসেম্বর) দিবাগত রাতে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপ ভ্যানের সঙ্গে একটি সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতায় অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায়। ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় আরও একজনকে উদ্ধার করে মৌলভীবাজার ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা চালান। পরে নিহতদের লাশ উদ্ধার করে হাসপাতালের মর্গে পাঠানো হয়। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় নিশ্চিত করা যায়নি।
মৌলভীবাজার সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক আরিফ বলেন, মৃত অবস্থায় ওই তিনজনকে হাসপাতালে আনা হয়েছে। বর্তমানে তাঁদের মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
মৌলভীবাজার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে। নিহতদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে এবং দুর্ঘটনার কারণ জানতে তদন্ত শুরু হয়েছে।
সিএ/এমই


