ভারতের পুনে শহরের বুধওয়ার পেথ এলাকার যৌনপল্লি থেকে ১১ জন বাংলাদেশি নারীকে উদ্ধার করেছে পুলিশ। স্থানীয় সময় বুধবার (১৮ ফেব্রুয়ারি) ভোরে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের উদ্ধার করা হয়।
বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) ভারতীয় সংবাদমাধ্যম দ্য টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়, যৌনপল্লিতে দেহব্যবসায় বাধ্য হওয়া এক বাংলাদেশি নারী একজন পুলিশ কনস্টেবলের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তোলার প্রায় এক মাস পর এই উদ্ধার অভিযান পরিচালিত হলো।
প্রতিবেদনে আরও বলা হয়, গত সাত দিনের মধ্যে ওই এলাকায় এটি পুলিশের দ্বিতীয় বড় অভিযান। এর আগে ১২ ফেব্রুয়ারি একই এলাকা থেকে দুজন বাংলাদেশি নারী ও কয়েকজন নাবালিকাকে উদ্ধার করা হয়েছিল।
স্থানীয় সময় বুধবার রাত সাড়ে ১২টার দিকে উপপুলিশ কমিশনার (জোন–১) ঋষিকেশ রাওয়ালের নেতৃত্বে প্রায় ৭০০ সদস্যের একটি বড় পুলিশ দল অভিযান চালায়। অবৈধভাবে অবস্থানকারী বিদেশি নারী এবং জোরপূর্বক দেহব্যবসায় বাধ্য করা নাবালিকাদের খোঁজে এই তল্লাশি পরিচালিত হয়।
পুনে পুলিশের কমিশনার অমিতেশ কুমার জানান, যেসব যৌনপল্লি বা ভবনে বাংলাদেশি নারীদের অবৈধভাবে আটকে রেখে দেহব্যবসায় বাধ্য করা হয়েছে, সেগুলো সিলগালা করার প্রক্রিয়া শুরু হবে। অনৈতিক পাচার (প্রতিরোধ) আইনের আওতায় মামলা দায়ের করা হবে। একই সঙ্গে উদ্ধার হওয়া নারীদের নিজ দেশে ফেরত পাঠানোর উদ্যোগও নেওয়া হবে বলে তিনি জানান।
সূত্র: দ্য টাইমস অব ইন্ডিয়া
সিএ/এসএ


